তারকা আভায় চেলসি ক্লিনটন
তারকা আভা ছড়াচ্ছে চেলসি ক্লিনটনের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একমাত্র মেয়ে হিসেবে শৈশব থেকে দুনিয়াজুড়ে পরিচিত চেলসি। মা হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এ তাঁর পরিচিতি আরও রোশনাই ছড়ায়। এবার নিজেই তারকার সারিতে চলে এসেছেন।
মা হিলারি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর থেকে চেলসির দিকে ঘুরেছে স্পটলাইট। গণমাধ্যমজুড়ে তাঁর ছবি, সাক্ষাৎকারের ঝড় উঠেছে। সম্প্রতি জীবনযাত্রা-বিষয়ক প্রসিদ্ধ সাময়িকী এল-এর প্রচ্ছদে এসেছে চেলসির ছবি। পরনে এক হাজার ৫০০ ডলার মূল্যের গুচ্চির পোশাক, হাতে আরেকটি দামি ব্র্যান্ডের ব্রেসলেট।
এএফপির খবরে জানানো হয়, পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে চেলসি বলেন, একজন নারী প্রেসিডেন্টের গুরুত্ব অন্যরকম। মার্কিন সমাজে আমরা সাম্যের কথা বলি। কিন্তু নারী ও পুরুষের মধ্যে সমতা রক্ষা করা না হলে সমাজের জন্য তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ায় মার্কিন সমাজে সমতা আসবে।
গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার ঘোষণা দেন হিলারি ক্লিনটন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটনের পাশে এ সময় ছিলেন চেলসি।
ঘোষণা দেওয়ার পর স্ট্যানফোর্ড, কলাম্বিয়া ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়া চেলসি টুইটারে এক বার্তায় বলেন, ‘মা তোমার জন্য গর্বিত।’ ম্যানহাটনে রোদেলা দিনে ছয় মাসের মেয়ে শার্লটের সঙ্গে চেলসির ছবি প্রকাশিত হয়েছে। স্বামী মার্ক ও মেয়েকে নিয়ে হাঁটছিলেন তিনি।
শিশু শার্লট এর মধ্যে হিলারির ভাবমূর্তি কিছুটা নমনীয় করে তুলেছে। নানি হওয়ার আনন্দে উচ্ছ্বসিত হিলারি বলেন, শিশুর মধ্যে দিয়ে আমি পৃথিবীকে নতুনভাবে দেখছি।
গত সপ্তাহে হার্ভার্ডেও এক অনুষ্ঠানে যোগ দেন চেলসি। সেখানে তিনি বাবা-মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন।
মায়ের নির্বাচনী প্রচারে চেলসি এবার আদাজল খেয়ে নামবেন বলে আশা করা হচ্ছে। হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মিনা বোস বলেন, ২০০৮ সালের তুলনায় ২০১৬ সালে মায়ের নির্বাচনী প্রচারে চেলসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক সভাপতি রবার্ট সাপিরো বলেন, চেলসি তরুণদের ভোট টানতে পারবেন। এ ক্ষেত্রে চেলসির কন্যা শার্লটও একটি ভূমিকা রাখতে পারে।
তবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জন সাইডস বলেন, নির্বাচনী প্রচারে ব্যক্তিত্ব একটি বড় বিষয়। সৌন্দর্য, তারুণ্য নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে বলে তিনি দাবি করেন।