ম্যানহাটনে গাড়ি হামলার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা
তারা ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার করছে
মুসলিম নামধারী সন্ত্রাসীরা ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। ঘৃণা ও কঠোর শাস্তিই তাদের প্রাপ্য। তাদের জন্য কোনো সহানুভূতি নেই। তারা সব মানুষের শত্রু। এ ধরনের জঘন্য দুষ্কর্মের দায়দায়িত্ব কেবল আমেরিকায় বসবাসকারী মুসলমানেরাই নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দুর্নাম, আতঙ্ক ও দুর্যোগের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে ধর্ম হিসেবে ইসলামের প্রতিও অন্যান্য ধর্মবিশ্বাসীদের ঘৃণা ও বিদ্বেষ জন্মায়। এ ধরনের মুসলিম নামধারী সন্ত্রাসীরা অমুসলিমদের হত্যা করে মূলত মুসলমানদেরই ক্ষতি করছে। তাই এদের প্রতি কোনো সহানুভূতি নয়, কোনো ক্ষমা নয়। উদাহরণযোগ্য চরম শাস্তিই এদের প্রাপ্য।
গত ৩১ অক্টোবর নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে উজবেক বংশোদ্ভূত মুসলিম নামধারী সাইপোভ তার ভাড়া করা
গাড়ি চালিয়ে আটজন নিরীহ মানুষের জীবন নাশ করার প্রেক্ষাপটে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশা ও অবস্থানের ব্যক্তিদের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য পাওয়া গেছে।
সাহিত্যিক-সাংবাদিক হাসান ফেরদৌস তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ধর্মের নামে মানুষ হত্যা কেবল নিন্দনীয় নয়, চরম ঘৃণ্য দুষ্কর্ম। নিজেদের হীনস্বার্থে এরা ধর্মকে ব্যবহার করে মানুষ হত্যা করে। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ থেকে এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী দুষ্কর্মের প্রেরণা ও বৈষয়িক সুবিধা পায়।
হাসান ফেরদৌস বলেন, আদর্শ ও আইনগতভাবে এ ধরনের মানবতাবিরোধী সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে। ধর্মের নামে মানুষ হত্যা কোনোভাবেই ধর্মীয় অনুশাসন নয়—এ বাস্তবতা ও চেতনা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ ছাড়া তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে। আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিরোধ গড়ে তুললেই সন্ত্রাসের শিকড় সমাজ থেকে উপড়ে ফেলা যাবে বলে তিনি মনে করেন।
প্রবাসী সাংবাদিক মঈনুদ্দীন নাসের বলেন, আমি এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা করছি। নিরীহ মানুষ মারার জন্য গাড়ি ভাড়া করা এবং সেই গাড়ি সম্পূর্ণ নিরপরাধ মানুষের ওপর চালিয়ে দেওয়া কত অমানবিক পৈশাচিকতা তা কল্পনারও বাইরে। তিনি বলেন, আমাদের এ ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এদের রাষ্ট্রীয় ও আইনগতভাবে প্রতিহত করতে হবে। তিনি এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে বলেন,এরা কোনো ধর্ম কিংবা ধর্মাবলম্বী গোষ্ঠীকে সাহায্য করে না। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
জ্যাকসন হাইট্স ইসলামিক সেন্টার ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আব্দুস ছাদিক বলেন, ইসলামে কোনোভাবেই কোনো যুক্তিসংগত কারণ ছাড়া কোনো মানুষ মারা তো দূরের কথা, কোনো পশুপাখি মারারও অনুমতি নেই। কোনো মুসলমান এ ধরনের দুষ্কর্ম করতে পারে না।
ইমাম ছাদিক বলেন, ‘সন্ত্রাসীরা মুসলমান হতে পারে না। কোনো প্রকৃত মুসলমান কোনো মানুষ হত্যা করে না। সন্ত্রাসীরা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে। এরা ইসলাম ও মুসলিমবিরোধী শক্তির চর। আমরা এদের বর্জন করি ও ঘৃণা করি।’