তালেবানের বিরুদ্ধে ব্যবস্থা নিন
আফগানিস্তানের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার জেরে গোষ্ঠীটির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস গত সোমবার ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানায়।
পাকিস্তান বড় অঙ্কের অনুদান নেওয়ার বদলে আফগান জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবারের তালেবান হামলায় বিদেশিসহ অন্তত ৩০ জন নিহত হয়। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।
এদিকে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার জন্য পাকিস্তানের দিকে সন্দেহের তির তাক করেছে আফগানিস্তান। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স গত সোমবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগান বাহিনী জঙ্গিদের নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিতে চায় এই জঙ্গিরা।
সারাহ স্যান্ডার্স বলেন, ‘তালেবান নেতাদের শিগগিরই গ্রেপ্তার বা বহিষ্কার করার জন্য পাকিস্তানের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’ তিনি উল্লেখ করেন, তালেবানের জঙ্গি কর্মকাণ্ডে পাকিস্তানের মাটি ব্যবহার করতে না দেওয়ার মধ্য দিয়ে গোষ্ঠীটিকে চাইলেই ঠেকাতে পারে ইসলামাবাদ।
প্রসঙ্গত, সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘আরও বেশি কিছু করার জন্য’ সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রতি জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।