তাশফিনকে ঘিরে অনেক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাশফিন
তাশফিন

মাত্র দুই বছর আগের কথা। নতুন বউয়ের সাজে তাশফিন মালিক উপস্থিত ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে। রিজওয়ান ফারুকের সঙ্গে সেখানেই বিয়ে হয় তাঁর। একই মসজিদে গত শুক্রবার নামাজ পড়তে আসা কয়েকজন সেই বিয়ের অনুষ্ঠানেও ছিলেন। তাশফিনের সেদিনকার সুখী-শান্ত চেহারার সঙ্গে গত বুধবারের ভয়াবহ ঘটনা কিছুতেই মেলাতে পারছিলেন না তাঁরা।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইড শহরের ইসলামিক সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া নাসিমা নীলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তাশফিনকে সেই রাতে খুবই সুখী মনে হচ্ছিল। অন্য কয়েকজন বলেছেন, তিনি খুবই শান্ত মেজাজের ছিলেন।
জঙ্গি-সংশ্লিষ্টতার নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া না গেলেও তাশফিন সামাজিক যোগাযোগের মাধ্যমে আইএসের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন বলে তথ্য পেয়েছে এফবিআই। ফলে সবার দৃষ্টিই এখন তাঁর ওপর।
তাশফিন ২৫ বছর আগে ছোটবেলায় পরিবারের সঙ্গে সৌদি আরবে যান। সৌদি সরকারের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, ২০০৭ সালে তাশফিন উচ্চশিক্ষার জন্য পাকিস্তান যান। একটি ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে রিজওয়ানের সঙ্গে তাঁর পরিচয়। রিজওয়ান একপর্যায়ে তাশফিনকে বাগদত্তা ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ওই ভিসার আবেদনে তাশফিন পাকিস্তানের যে ঠিকানা ব্যবহার করেছেন, এবিসি নিউজ তার কোনো অস্তিত্ব পায়নি।
মার্কিন সংস্কৃতিতে বড় হওয়া রিজওয়ানকে স্ত্রী তাশফিন না অন্য কেউ জঙ্গি ও সন্ত্রাসবাদে প্রভাবিত করেছে, সে প্রশ্নের জবাবই এখন খোঁজা হচ্ছে।