তাহার মাহরানের ১৫ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির খান
জাকির খান

নিউইয়র্কে চাঞ্চল্যকর জাকির খান হত্যা মামলার রায়ে তাহার মাহরানকে (৫১) ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ২০ জুন আদালত এ রায় ঘোষণা করেন। তাহার মাহরানকে ১০ বছর কারাভোগ এবং পাঁচ বছর প্রবেশনে থাকবে হবে।

রায় প্রকাশের পর জাকির খানের বড় ভাই নাদির খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা চেয়েছিলাম হত্যাকারীর অন্তত যাবজ্জীবন কারাদণ্ড হোক। কিন্তু ১০ বছরের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি।’ তিনি বলেন, আদালতে হত্যাকারীকে মানসিক বিকারগ্রস্ত বলে প্রমাণ করা হয়েছে।
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত থ্রগসনেক এলাকার ভাড়া বাসার সামনে বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরানের ছুরির আঘাতে জাকির খান (৪৪) গুরুতর আহত হন। তাহার মাহরান নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। পরে জাকিরকে স্থানীয় জ্যাকোবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নয় মাস বাসা ভাড়া না দেওয়ায় ক্ষুব্ধ বাড়িওয়ালা মাহরান এই হত্যাকাণ্ড ঘটান বলে জানা যায়। ওই দিনই পুলিশ মাহরানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়।

জাকির খানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরদিন ২৩ ফেব্রুয়ারি রাতে পার্কচেস্টার জামে মসজিদের হিম ঘরে রাখা হয়। ২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটায় ব্রঙ্কসের ভার্জিনিয়া অ্যাভিনিউর পার্কচেস্টার জামে মসজিদে জাকিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ২৬ ফেব্রুয়ারি জাকিরের মরদেহ সিলেটের ফেঞ্চুগঞ্জে তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশেই জাকিরের দাফন সম্পন্ন হয়।

তাহার মাহরান গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন। এলাকাবাসী জানায়, বাড়ি ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে বাড়ির মালিক তাহার মাহরানের সঙ্গে জাকির খানের বিরোধ চলছিল। বিষয়টি পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।

সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৯২ সালে আমেরিকায় অভিবাসী হন। নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস শুরু করেন। জাকির নিউইয়র্কে পড়াশোনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। তিনি ব্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন। নিউইয়র্কের ডেইলি নিউজ পত্রিকা তাঁকে ‘কিং অব রিয়েল এস্টেট অব ব্রঙ্কস ‘নামে অভিহিত করে। জাকির খান মূলধারার পাশাপাশি কমিউনিটির নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। তাঁর স্ত্রী ন্যান্সী খান একজন সংগীত শিল্পী।