তিজুয়ানায় অভিবাসনপ্রত্যাশীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ

দক্ষিণ সীমান্তের শহর তিজুয়ানায় অপেক্ষমাণ শরণার্থীদের ওপর আমেরিকান সীমান্তরক্ষীরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। মার্কিন সীমান্তরক্ষীদের আচরণের বিরুদ্ধে তিজুয়ানা সীমান্তে অপেক্ষারত অভিবাসনপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করলে ২৫ নভেম্বর তাদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে সীমান্তরক্ষী বাহিনী।
২৫ নভেম্বর তিজুয়ানা সীমান্তে অপেক্ষমাণ হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীরা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ব্যবস্থা আরও ত্বরান্বিত করার দাবি তুললে সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমেরিকায় প্রবেশের গেট বন্ধ করে দেয়। ফলে কয়েক শ শরণার্থী সীমান্ত পারাপারের জন্য ব্যবহৃত সেতুতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা আশ্রয় গ্রহণ প্রক্রিয়াকে আরও দ্রুততর করতে বাড়তি কর্মকর্তা নিয়োগের দাবি জানায়। ম্যাক্সিকান পুলিশ বিক্ষোভকারীদের প্রথমে শান্ত হতে অনুরোধ জানায় এবং সেতু থেকে সরে যেতে বলে। কিন্তু সেতুসহ আশপাশের এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী সেতু থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়। অনেক বিক্ষোভকারী সীমান্ত বিভাজনকারী নদীর পাদদেশে অবস্থান নেয়। বিশৃঙ্খল এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য করে আমেরিকার সীমান্তরক্ষীরা কমপক্ষে ১২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একই সান ইসিড্রো সীমান্ত চৌকির উভয় দিক বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিছু অভিবাসনপ্রত্যাশী মেক্সিকো ও আমেরিকার মধ্যে চলাচলকারী ট্রেনে জোরপূর্বক চড়তে চাইলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের গ্রেপ্তার করে মেক্সিকো কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কির্স্টজেন নেলসন জানান, অবৈধ কিছু অভিবাসী জোরপূর্বক বেআইনিভাবে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত পারাপার ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এটি সম্পূর্ণ বেআইনি এবং শান্তিপূর্ণ আশ্রয় গ্রহণ প্রক্রিয়ার পরিপন্থী।
অন্য সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, প্রায় ৫ হাজার আশ্রয়প্রার্থী সীমান্ত শহর তিজুয়ানার একটি স্থানীয় ক্রীড়া ভবনে সাময়িক আশ্রয়ে আছেন। যাদের দেওয়া রাজনৈতিক আশ্রয় আবেদন সান ইসড্রো অভিবাসনকেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে, যার দৈনিক পরিমাণ শতাধিক। রাজনৈতিক আশ্রয় পেতে ইচ্ছুকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাকে স্থানীয় ডেমোক্রেটিক দল নিন্দা জানিয়েছে।
সিনেটর ব্রায়ান সাচওয়াজ বলেন, ‘অভিবাসীরা নিরীহ। তারা সশস্ত্র ছিল না। এ ধরনের ঘটনা আমাদের কাম্য নয়।’