উইসকনসিনে ভোট পুনর্গণনার আবেদন

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন করেছেন গ্রিন পার্টির জিল স্টেইন। নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। নির্বাচনে ওই অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই ফলকেই চ্যালেঞ্জ করেছেন জিল স্টেইন। জিলের আবেদনে সাড়া দিয়েছে নির্বাচন কমিশন।
এএফপির খবরে জানানো হয়, উইসকনসিন নির্বাচন কমিশন বলছে, স্টেইনের অনুরোধের ভিত্তিতে তারা ভোট পুনর্গণনার প্রস্তুতি নিচ্ছে। উইসকনসিনে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভোট পুনর্গণনার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ কারণে কমিশনকে দ্রুত কাজ করতে হবে। কমিশন জানায়, ভোট পুনর্গণনার জন্য স্টেইনের দলকে যে অর্থ দিতে হবে, এর হিসাব চলছে।
উইসকনসিনে ভোট পুনর্গণনা হলেও ফলাফলে খুব বেশি হেরফের হবে না। এখানে মাত্র ১০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এখানে ২৭ হাজার ভোটে পরাজিত হন। স্টেইন বলেন, নির্বাচনে বিশ্বাসযোগ্যতা আনতেই তিনি এই উদ্যোগ নিচ্ছেন।
মিশিগানে ১৬টি ও পেনসিলভানিয়ায় ২০টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। তাই এই দুটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা জয়ী হলে নির্বাচনের ফল ঘুরে যেতে পারে।
স্টেইন জানান, তিনি পেনসিলভানিয়া ও মিশিগানের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করারও পরিকল্পনা করছেন। এই দুই অঙ্গরাজ্যেও ট্রাম্প জয়ী হয়েছেন। পুনর্গণনার জন্য ৪৮ লাখ ডলারের বেশি তহবিল তিনি সংগ্রহ করেছেন। এ জন্য সাত কোটি ডলার প্রয়োজন।