তিন ইস্যুতে প্রচার চালাচ্ছেন কাউন্সিলম্যানপ্রার্থী দিলীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ নাথ

ব্যক্তিগত জীবনে সফল ব্যক্তিত্ব দিলীপ নাথ জীবনের শুরু থেকে জীবনসংগ্রামের মধ্য দিয়ে উচ্চশিক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে নিবেদিত মুক্তমনের একজন মানুষ। আগামী ২ ফেব্রুয়ারি সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী। তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।

চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান দিলীপ নাথ নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশন পলিটিক্যাল অ্যাকশন কমিটির সভাপতি, কমিউনিটি বোর্ডের ৮নং সদস্য, সুনি ডাউন স্টেটের অন্তর্বর্তীকালীন সহসভাপতি এবং প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কাজ করছেন। আগামী বছরের ২ ফেব্রুয়ারি ডিস্ট্রিক্ট ২৪ আসনে সিটি কাউন্সিলম্যান পদে বিশেষ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ডেমোক্র্যাট সমর্থক দিলীপ নাথ ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সাবেক কাউন্সিলম্যান ররি ল্যানকম্যান (ডি-ফ্রেশ ম্যাডোস) গভর্নর অফিসে রেটপেয়ার সুরক্ষায় বিশেষ পরামর্শদাতা হিসেবে নতুন কাজে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। এতে বিজয়ী প্রার্থী আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে দিলীপ নাথ এ নিয়ে দ্বিতীয়বার লড়াইয়ে নামছেন। এর আগে ২০০৫ সালে প্রথম নির্বাচনে তিনি জেমস গেনারোর কাছে হেরেছিলেন। দুজন আবার মুখোমুখি হচ্ছেন এবার।

নির্বাচনে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন—এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন দিলীপ। ডিস্ট্রিক্ট ২৬ কমিউনিটি এডুকেশন কাউন্সিলের সদস্য ও পিটিএর সাবেক সভাপতি দিলীপ বলেন, দিনের শেষে শিশুদের শিক্ষিত করা আমার প্রথম অগ্রাধিকার।

ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্সের চ্যান্সেলর রিচার্ড ক্যারেঞ্জা ধারাবাহিকভাবে সঠিক নেতৃত্ব দিতে পারেননি বলে সমালোচনা করে দিলীপ বলেন, ‘চ্যান্সেলর ১.১ মিলিয়ন শিশুকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।’ তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে একের পর এক পরিবর্তন বাবা-মায়ের জন্য অতিরিক্ত উদ্বেগ তৈরি করছে। ভয়ানক এই সময়ে নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিশুদের সফল করতে প্রয়োজনীয় সব প্রযুক্তি শিক্ষার্থীদের দেওয়া উচিত।

দিলীপ নাথ পুরো নগরের বিশেষ করে কুইন্সে আরও বেশি বিশেষায়িত উচ্চ বিদ্যালয় গড়ে তুলতে কাজ করতে চান। তিনি মনে করেন, বরোগুলোতে অতিরিক্ত বিশেষায়িত স্কুল তৈরি করলে পুরো নগরের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি হবে।

কুইন্সে যানজট নিয়ে এই বাংলাদেশি মার্কিন বলেন, কুইন্সে বাস ও পাতালরেল সীমিত। তাই যাত্রীদের গাড়ির ওপর বেশি নির্ভর করতে হয়, যা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে, এতে দূষণও বাড়ছে। এর সমাধানে তিনি সব পাবলিক পরিবহন বিনা মূল্যে করতে চান। যানজট এড়াতে কুইন্সের বেশ কিছু অংশে বাড়তি রুটের প্রয়োজন। সুরক্ষিত বাইক লেনগুলো প্রসারিত করা দরকার। দিলীপ নাথ পুরো ক্যারিয়ার স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় করেছেন। তিনি বলেন, ‘মহামারি সময়কাল ছাড়াও আমরা স্বাস্থ্যসেবা সরবরাহে যথেষ্ট সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার করছি না।’

বিলম্বিত চিকিৎসা সেবার কারণে কিংবা চিকিৎসাহীন কোভিড-১৯ রোগীদের ভাইরাসের পাশাপাশি নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, লোকজন যেন‌ সঠিক সময়ে দ্রুত চিকিৎসাসেবা পান, সে ক্ষেত্রে তিনি টেলিহেলথ ক্লিনিকগুলোর সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন। স্বাস্থ্যসেবায় প্রবীণ নাগরিকদের যত্ন নেওয়াকে দিলীপ অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, ‘অনেক সিনিয়র নাগরিক একা মারা গেছেন এবং পরিবার তাদের সঙ্গে থাকতে পারেননি।’

হাসপাতাল ও নার্সিংহোমের বাইরের পরিবারের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য সিনিয়রদের প্রযুক্তি সরবরাহের পাশাপাশি অবসর নেওয়ার পর প্রত্যেকের জন্য এস্টেট প্ল্যানিং পরিষেবাগুলোতে অ্যাকসেস দেবেন বলে জানান নাথ। তিনি বলেন, ‘আমাদের নেতৃত্বের খুব দরকার। আমাদের এমন এক নেতাকে দরকার, যিনি বিষয়গুলোকে সামনে এগিয়ে নেবেন।’

এদিকে দিলীপ নাথকে সমর্থন দিয়েছেন নিউইয়র্ক সিটির একাধিক ডেমোক্রেটিক লিডার ও কমিউনিটি অ্যাকটিভিস্ট। এঁরা হলেন, নিউইয়র্ক স্টেট সিনেটর রোস্কানি ফ্রিসুউড, কমিউনিটি লিডার ও সাবেক সিটি কাউন্সিলম্যান প্রার্থী ডেভিড রিচ, প্রমিনেন্ট কুইন্স সিভিক অ্যান্ড কমিউনিটি অ্যাডভোকেট আশোক রামসারান, অ্যাডভোকেট ফর সিনিয়রস অ্যান্ড সাবেক সিটি কাউন্সিল পদপ্রার্থী ফ্লোরেন্স ফিসার, কুইন্সের প্রভাশালী অ্যাসেম্বলিম্যান ক্যাথরিন নোলেন, নারীনেত্রী এলিজাবেথ ক্রাউলিসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে দিলীপ নাথের সংসার। তিনি এ দেশে এসে এমবিএ ও পিএইচডি করেন। প্রথমে এসে কষ্টের কাজ করলেও ২৫ বছর ধরে পাবলিক সেক্টরে কাজ করছেন। বর্তমানে নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।