তিন ওষুধের মিশ্রণে দ্রুত সারবে করোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত ক্যালেট্রা
এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত ক্যালেট্রা

ভাইরাসপ্রতিরোধী তিনটি ওষুধের মিশ্রণের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সহায়তা করে। একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার হংকংয়ের চিকিৎসকেরা এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসকেরা বলছেন, এই পদ্ধতির আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে কোভিড-১৯ রোগীদের জন্য এটি চিকিৎসার আরেকটি সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।‍ বর্তমানে একমাত্র অনুমোদিত চিকিৎসা হল অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির, এটি মোটামুটি দ্রুত করোনা থেকে সুস্থ করে তুলতে সহায়তা করে, তবে এই ওষুধের সরবরাহ এখনো সীমিত।

হংকং ইউনিভার্সিটির ডা. কোভাক-ইয়ুং ইউয়েন ও তাঁর সহকর্মীরা এইচআইভির ওষুধ রিটোনভির এবং লোপানিভিরের সঙ্গে সাধারণ ভাইরাসপ্রতিরোধী রিবাভিরিন ও বিটা ইন্টারফেরন নামে পরিচিত নানা উপাদান বিশিষ্ট এসক্লেরোসিস ওষুধের সংমিশ্রণে পরীক্ষাটি করেছিলেন।

গবেষণায় অংশ নেওয়া সব রোগীর হালকা থেকে মাঝারি ধরনের করোনার উপসর্গ ছিল এবং তাদের করোনা পজিটিভ হওয়ার সাত দিনের মধ্যে তাদের চিকিৎসা দেওয়া হয়েছিল। কিছু চিকিৎসক মনে করছেন, সংক্রমণের পর আরও তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে ফলাফল আরও ভালো হতে পারে।

ইউয়েনের গবেষক দল কিছু রোগীদের শুধু এইচআইভি ওষুধের মিশ্রণ দিয়ে চিকিৎসা করেছিল, যা বাজারে ক্যালেট্রা ব্র্যান্ড নামে বিক্রি হয়। অন্যদের মধ্যে কাউকে লোপিনাভির-রিটোনাভির সংমিশ্রণের সঙ্গে ভাইরাসপ্রতিরোধী ওষুধ রিবাভিরিন দিয়ে এবং কাউকে বিটা ইন্টারফেরন পুশ করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

বিভিন্ন ভাইরাসপ্রতিরোধী ওষুধের মিশ্রণে তৈরি ওষুধে যেসব রোগীর চিকিৎসা হয়েছে তারা গড়ে সাত দিনে সুস্থ হয়ে উঠেছেন। সাত দিন পর তাদের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। যাদের চিকিৎসা শুধু এইচআইভি ওষুধে হয়েছে তাদের শরীরে ১২ দিন পর্যন্ত করোনা পজিটিভ ছিল। ইউয়েন নেতৃত্বাধীন গবেষক দলটি ল্যানসেট মেডিকেল জার্নালকে এমনই জানিয়েছেন।

সবকিছুর মিশ্রণে দেওয়া চিকিৎসায় রোগীরা খুব দ্রুত ভালো অনুভব করতে থাকেন, সেটি মাত্র চার দিনের মধ্যে।

গবেষকেরা লেনসেটে লিখেছেন, ‘আগের তিনটি ভাইরাসপ্রতিরোধী থেরাপি ছিল নিরাপদ এবং হালকা থেকে মাঝারি করোনাভাইরাস উপশমে লোপিনাভির-রিটোনাভির চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। রোগীর দেহের ভাইরাস ধ্বংস ও হাসপাতালে থাকার সময়কাল অনেক কমিয়ে এনেছিল।

তবে গবেষকেরা স্বীকার করেন, এই চিকিৎসায় কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল।

ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দেওয়া ডা. পিটার চিন-হং বলেন, এই মহামারিতে নতুন এই গবেষণা নতুন আশা জাগাচ্ছে। তিনি সিএনএনকে বলেন, ‘এই গবেষণাটি সত্যিই সবাই উজ্জীবিত করবে, কারণ এটি আমাদের জানাচ্ছে, রেমডেসিভির করোনার বিরুদ্ধে একমাত্র অস্ত্র নয়, আমাদের আশপাশে আরও বিকল্পও রয়েছে।’

চিন-হং বলে, এসব ওষুধের নিরাপত্তার রেকর্ড রয়েছে। এগুলো সহজেই বাজারে পাওয়া যায়।

চিকিৎসক ও ফার্মাসিস্টরা অভিযোগ করছেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন করোনার দ্রুত চিকিৎসায় জরুরি ভিত্তিতে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। কিন্তু কোন হাসপাতাল ও ক্লিনিক এই ওষুধ পাবে, সেটি তাঁরা জানেন না।

চিন-হং বলেন, ল্যানসেটের গবেষণায় অন্যান্য বিকল্প চিকিৎসার সম্ভাবনা দেখাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এখনো যখন কথিত ম্যাজিক বুলেটটি পাচ্ছি না, তখন অন্তত এটি পেতে পারি।’

চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন গবেষক দল করোনভাইরাসের চিকিৎসায় নানা ওষুধের মিশ্রণে পরীক্ষা চালাচ্ছেন। এখনো করোনা নিরাময়ে সম্ভবত কোনো কিছুই তৈরি হয়নি।