তিন প্রজন্মের সুরের লহরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাস দাকে (সুব্রত বিশ্বাস) অসংখ্য ধন্যবাদ। গত ২৯ জুলাই উদীচী স্কুলে সুন্দর গোছানো সংগীতসন্ধ্যা উপভোগ করলাম। আধুনিক বাংলা গানের কিংবদন্তি সৈয়দ আবদুল হাদী ও তাঁর সুযোগ্য কন্যা ড. তানিমা হাদীর দু ঘণ্টার পরিবেশনা সবাইকে আবেগে ভালোবাসায় আপ্লুত করেছে।

আগের দিন আমার মুঠোফোনে সুব্রত বিশ্বাসের খুদে বার্তা পেলাম। উদীচীর তহবিল সংগ্রহ অনুষ্ঠান ২৯ জুলাই রোববার। চলে এসো। তোমাকে তহবিল দিতে হবে না। তখনো জানতাম না কে গাইবেন। জ্যাকসন হাইট্সের স্কুলে পৌঁছে বাইরে পোস্টার দেখে জানলাম, সৈয়দ আবদুল হাদী ও তনিমা হাদীর পরিবেশনা আজ। বুঝলাম, চমৎকার এক সন্ধ্যা হবে। হলের প্রবেশ মুখে টেবিল-চেয়ার নিয়ে বসে আছেন সুব্রত বিশ্বাস। পাশে সরাফ সরকার। সামনের চেয়ারে বসতেই একটি ভিআইপি টিকিট এগিয়ে দিয়ে বিশ্বাস দা বললেন, এটা তোমার। সরাফ সরকারের দিকে দিকে তাকিয়ে বললাম, সৌজন্য প্রবেশপত্র সম্মানের, অন্যদিকে লজ্জারও। হাত যেন কেমন খালি খালি লাগে। সরাফ সরকার বললেন, ইউ ডিজার্ভ ইট।

সৈয়দ আবদুল হাদীকে দেখলাম প্রায় ৪০ বছর পর। এর আগে যখন দেখি, তখন তিনি সরকারি কর্মকর্তা। অনুষ্ঠান উপস্থাপক কৌশিক আহমেদ জানালেন, হাদী ভাইয়ের বয়স এখন ৭৮। কিন্তু দেখে তা মনে হয়নি। এ কথা বললামও তাঁকে। তাঁর কন্যা ড. তনিমা হাদী নিউইয়র্কের সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের শিক্ষক। ভারি মিষ্টি কণ্ঠ!

কৌশিক আহমেদের স্বাগত উপস্থাপনার পর সৈয়দ আবদুল হাদী ও তনিমা হাদী শুরু করলেন গান। গানের সঙ্গে গল্প। বাবা-মেয়ের স্মৃতিচারণ। গানের প্রেক্ষাপট। কখনো একক, আবার কখনো দ্বৈতকণ্ঠের পরিবেশনা। দু ঘণ্টা এক চুলও নড়িনি। একটানা বসে পুরো অনুষ্ঠান উপভোগ করলাম। শেষ হলো এ দেশে জন্ম নেওয়া ৩/৪ বছরের নাতির গানের মধ্য দিয়ে। তিন প্রজন্মের এই যৌথ পরিবেশনা মনে রাখার মতো।

সৈয়দ আবদুল হাদী গান শুরু করেন রবীন্দ্র সংগীত দিয়ে। এরপর নজরুল গীতি, সলিল চৌধুরী, লাকী আখন্দের গান। সিনেমার গান তো ছিলই। তবে এদিন কমল দাশগুপ্তের সুরে আবদুল হাদীর গাওয়া নজরুল গীতি আমার মন ছুঁয়ে যায়। কণ্ঠে কি দরদ! অবশ্য আমার সহকর্মী মিসবাহ উদ্দিনের মতে, বাবাকে নিয়ে সৈয়দ আবদুল হাদীর গানটি ছিল সেরা। তার মতে, সবাই মাকে নিয়ে গান করেন, বাবা থাকেন বঞ্চিত। অনুষ্ঠানের পরদিনও মিসবাহ ফোন করে বললেন, বাবা গানটির তিনি রেকর্ড করে এনেছেন বারবার শুনছেন, তার প্রতিক্রিয়ায় এ নিয়ে প্রতিবেদন করেছেন।

এর আগে নিউইয়র্ক প্রেসক্লাবের অনুষ্ঠানে তনিমা হাদীর গান শুনেছি। সে দিন তার ভক্ত হয়ে যাই। মনে মনে প্রশ্ন করি, নিউইয়র্কে এত উঁচু মানের শিল্পী আছেন, এটা কেন জানতাম না। সহকর্মী এক সাংবাদিক জানালেন, তিনি আসলেই গুণী। সৈয়দ আবদুল হাদীর কন্যা। উদীচীর অনুষ্ঠানে মিতালী মুখার্জির সে আর ফিরে আসবে না....গানটি তনিমা এত দরদ দিয়ে গেয়েছিলেন যে, মন বারবার মুচড় দিচ্ছিল এক অব্যক্ত বেদনায়। গানের এক ফাঁকে তনিমা সবাইকে অনুরোধ করলেন, সবাই যেন শুদ্ধ সংগীতের পৃষ্ঠপোষকতা করে।

উদীচীকে ধন্যবাদ। প্রগতিশীল এই সংগঠন শত প্রতিকূলতার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বছরের পর বছর নিউইয়র্কে একটি স্কুল পরিচালনা চাট্টিখানি কথা নয়। সে কঠিন কাজটিই করছে উদীচী। মরহুম শাহ আবদুল করিম এক সময় উপদেষ্টা ছিলেন। সে গল্প আরেকদিন করব। ধন্যবাদ জানাই, নিউইয়র্কের রিয়েলটর আনোয়ার হোসেনকে। তিনি নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির চর্চা ও পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছেন।
যাওয়ার আগে সুরের অনবদ্য এক ঝংকারের গল্প বলতে চাই। ওই সন্ধ্যায় সুর মূর্ছনা আজও ভুলতে পারি না। এক যুগ আগের ঘটনা, সাইটের একটি হলে প্রখ্যাত নগর বাউল জেমসের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমের আমন্ত্রণে সে সংবর্ধনায় সস্ত্রীক উপস্থিত ছিলাম। অনুষ্ঠানে জেমস, তাঁর নবপরিণীতা স্ত্রী ফারজানা, লোকগীতির বিখ্যাত শিল্পী কাঙালিনী সুফিয়া ও সকুম আলী উপস্থিত ছিলেন। মঞ্চে দোতারা নিয়ে সকুম আলী। দোতারায় ঠুং-ঠ্যাং আওয়াজ তুলছেন। এ সময় মঞ্চে উঠলেন জেমস। স্টেজে কারও সঙ্গে কারও কথা হয়নি। দেখলাম, চোখের ইশারা পর্যন্ত হয়নি। কিন্তু দুজনের আত্মার সংযোগ ঘটিয়ে দিল গিটার আর দোতারা। আধুনিক গিটারে উঠল সুরের ঝংকার। একই ঝংকার উঠল গ্রাম বাংলার ঐতিহ্যের দোতারায়। দুজনের সেকি বাদন। সুরের কি মূর্ছনা! সারা হলো স্তম্ভিত। পিনপতন নীরবতা। একটানা পাঁচ-ছয় মিনিট পর থামলেন দুজন। দর্শন শ্রোতার সংবিৎ ফিরে পেতে লাগল আরও মিনিট খানিক। এ জীবনে অনেক যন্ত্রসংগীত আমি শুনেছি। কিন্তু ওই দিনের জেমস ও সকুম আলীর সুরের ঝংকারের ছোঁয়া কোথাও পাইনি। ওটা ছিল যেন স্বর্গীয় বাদন।

লেখক: নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক