তিন বছরে বিনোদনকেন্দ্রের ৩৬ হাজার টিকিট চুরি!
নিউইয়র্কের ব্রুকলিন এলাকার এক চার্টার বাস কোম্পানির বিক্রয় পরিচালক ৩৬ হাজার টিকিট চুরি করেছেন। বাস কোম্পানির নামে কেনা এসব টিকিটের আর্থিক মূল্য এক মিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন তদন্তকারীরা। রোজমেরি ব্যাডার নামের এ বিক্রয় পরিচালক তিন বছর ধরে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি টিকিট কিনে এ জালিয়াতি করেছেন।
রেড হুকের বেস্ট ট্রেইল অ্যান্ড ট্রাভেল করপোরেশনে কাজ করার সময় রোজমেরি ব্যাডার এ জালিয়াতি করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলি। এ বাস কোম্পানি তার যাত্রীদের জন্য সিক্স ফ্ল্যাগস গ্রেট অ্যাডভেঞ্চার ও ডোরনি পার্কের টিকিট ক্রয়ের সেবা দেয়। আর যাত্রীদের হয়ে এ টিকিট কেটে দেওয়ার দায়িত্ব কোম্পানির বিক্রয় ব্যবস্থাপকের। এ ক্ষেত্রে বিক্রয় ব্যবস্থাপক কোম্পানি থেকে দেওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে যাত্রীদের জন্য ওই টিকিট কাটেন। কিন্তু রোজমেরি ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয়াদেশের চেয়ে বেশিসংখ্যক টিকিট কাটতেন। আর এভাবে তিনি গত তিন বছরে ৩৬ হাজার টিকিট বেশি কেটেছেন, যা তাঁর নিজস্ব দেরাজে পাওয়া গেছে বলে জানান তদন্তকারীরা।
রোজমেরির এ জালিয়াতি সম্পর্কে বাস কোম্পানিটি প্রথম জানতে পারে গত বছর। মূলত বাসের যাত্রী ধারণক্ষমতার চেয়েও বেশি টিকিট বিক্রি হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রোজমেরির বিরুদ্ধে বাস কোম্পানিটি প্রথম অনুসন্ধান চালায়। এতে যথেষ্ট গরমিল পাওয়ার পর ওই বছরেরই অক্টোবরে তাঁকে বরখাস্ত করা হয়। রোজমেরি এসব বাড়তি টিকিট সংগ্রহ করে তা দিয়ে নিজস্ব কোনো ব্যবসা চালাতেন কি না, তা এখন অনুসন্ধান করছেন তদন্তকারীরা।
গত ৩০ আগস্ট রোজমেরিকে আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে জামিনের অঙ্ক নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ ডলার। বিচারে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এ বিষয়ে রোজমেরির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছে নিউইয়র্ক ডেইলি।