তিন মার্কিন সিনেটর করোনায় সংক্রমিত
মার্কিন কংগ্রেসের তিনজন সিনেটর করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ খবর পাওয়ার পরে তাঁদের সঙ্গে একই সভায় অংশগ্রহণকারী অন্য সিনেটররা সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মিসিসিপি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর রোজার উইকার, কলোরাডো অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর জন হিকেনলুপার এবং মেইন অঙ্গরাজ্যের ইন্ডিপেনডেন্ট সিনেটর আনগুস কিং সংক্রমিত হওয়ার কথা জানিয়েছেন। ১১ আগস্ট অবকাঠামো আইন প্রস্তাব পাস করা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা প্রায় ২০ ঘণ্টা একসঙ্গে সভায় ছিলেন। ওয়াশিংটন থেকে নিজেদের নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার পরই তাঁদের মধ্যে তিনজন সিনেটরের সংক্রমিত হওয়ার খবর জানা গেল।
এ মাসের শুরুর দিকে সিনেটর লিন্ডসে গ্রাহাম সংক্রমিত হওয়ার কথা জানিয়েছিলেন। এক মাসের মধ্যে মার্কিন সিনেটের চারজন সিনেটর করোনাভাইরাসে সংক্রমিত হলেন। নতুন যে তিনজন সিনেটর সংক্রমিত হয়েছেন, তাঁরা সবাই টিকা নিয়েছিলেন।
সিনেটর আঙ্গুস কিং জানিয়েছেন, তিনি শারীরিকভাবে ভালোবোধ করছেন না। তবে টিকা গ্রহণ না করলে শারীরিক অবস্থা আরও খারাপ হতো বলে তিনি মনে করেন। সিনেটর কিং এক বিবৃতিতে টিকা গ্রহণ এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, টিকা গ্রহণ করা লোকজনের মধ্যে সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং কোভিড সংক্রমণে মৃত্যুর ঘটনা এক শতাংশের কম।
গত বছরের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবার নতুন করে লোকজন সংক্রমিত হচ্ছেন। হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে।
গত এক সপ্তাহের গড় হিসেবে প্রতিদিন ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের সাড়ে ৫১ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। ৬০ শতাংশের কিছু বেশি মানুষ এক ডোজের টিকা নিয়েছেন।