তিন মিনিটের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে দেখা হওয়ার আগে অপেক্ষায় অ্যাভিলা। ছবি: এএফপি
মায়ের সঙ্গে দেখা হওয়ার আগে অপেক্ষায় অ্যাভিলা। ছবি: এএফপি

মাত্র তিন মিনিটের জন্য খোলা হলো সান দিয়েগোয় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের ফটক। আর এই সময়টুকু পেয়ে ২০ বছর পর মাকে জড়িয়ে ধরার সুযোগ পেলেন লরা অ্যাভিলা। এ সময় আনন্দ-বেদনার মিশ্রণে দুজনের চোখের পানি গড়িয়ে পড়ে চিবুক বেয়ে।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ২৭ মিনিটে সময় দ্বিধা নিয়ে সীমান্ত ফটকের দিকে এগিয়ে যান অ্যাভিলা। এর মাত্র এক মিনিট আগেই খুলে দেওয়া হয় ওই ফটক। ফটক পার হয়েই ওপাশে থাকা মাকে জড়িয়ে ধরেন তিনি।

রোববার জাতিসংঘের শিশু দিবস উপলক্ষে মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতায় অভিবাসী অ্যাডভোকেসি গ্রুপ সীমান্তে এই মিলনমেলার আয়োজন করে। সেখানে ছয়টি পরিবারের মধ্যে অ্যাভিলা ও তাঁর ১১ বছর বয়সী মেয়েও ছিল। প্রতিটি পরিবার মেক্সিকোর তিজুয়ানায় প্রবেশ করে মাত্র তিন মিনিটের জন্য স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পান। তবে সেখানে সীমান্ত প্রহরী ও সাংবাদিকদের উপস্থিতিতে কথা বলতে হয় তাঁদের।

লস অ্যাঞ্জেলেস এলাকায় বসবাসকারী অ্যাভিলা আবেগঘন পুনর্মিলনীর পর জানান, ‘সর্বশেষ আমি আমার মাকে যখন দেখেছিলাম, তখন তাঁর বয়স ছিল ৫০ বছর। আগামী সপ্তাহে তিনি ৭১-এ পা দেবেন। এটা আমাদের জন্য একটি ক্রিসমাস পূর্ব সাক্ষাৎ এবং তাঁর জন্মদিনের উপহার হলো।’ তিনি জানান, তাঁর মা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পর বহিষ্কৃত হন। তিনি মেক্সিকোর পবেলা এলাকা থেকে চার ঘণ্টার বিমান ভ্রমণ করে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন।

২০১৩ সাল থেকে এমন পুনর্মিলনীর আয়োজন চলছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি বিশেষ অর্থবহ ঘটনা বলে মনে করা হচ্ছে। কারণ নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ এবং দেশটি থেকে লাখ লাখ অবৈধ অভিবাসী বিতাড়িত করার ঘোষণা দেন।