তিন রতনের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি সালেম সুলেরীর জন্মদিন ছিল ২৭ আগস্ট। ২৯ আগস্টের আড্ডায় এ উপলক্ষে কেক কাটা হয়, কবিকে জানানো হয় শুভেচ্ছা।
কবি সালেম সুলেরীর জন্মদিন ছিল ২৭ আগস্ট। ২৯ আগস্টের আড্ডায় এ উপলক্ষে কেক কাটা হয়, কবিকে জানানো হয় শুভেচ্ছা।

রত্ন বা রতন, যেখানেই থাক তা রত্নই। একটি দুটি নয়, এমন তিন-তিনজন রতনের সান্নিধ্য তো মুখের কথা নয়। ঠিক এই দারুণ বিষয়টিই ঘটেছিল ২৯ আগস্ট প্রথম আলো উত্তর আমেরিকার কার্যালয়ে। তিন-তিনজন সৃষ্টিশীল মানুষ, আক্ষরিক অর্থেই রত্ন হাজির হয়েছিলেন নিউইয়র্কে প্রথম আলো উত্তর আমেরিকার কার্যালয়ে। 

২৯ আগস্ট বৃহস্পতিবার ছিল অন্য রকম একটি দিন। বিকেলের আড্ডা শুরু হলো একটু ভিন্নরূপে। আড্ডায় যোগ দিয়েছিলেন কয়েকজন স্বনামধন্য মানুষ। এসেছিলেন কবি-কথাকার ও সংগঠক সালেম সুলেরী, ‘দেশে বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টো ও ‘পতাকা কন্যা’খ্যাত নারী পরিব্রাজক নাজমুন নাহার। পরিচিতজন, স্বজন অনেকের ভিড়েও এই অতিথিরা ছিলেন জ্বলজ্বলে তারকার মতো।

প্রথম আলো উত্তর আমেরিকার আড্ডায় আগত অতিথিদের একাংশ।
প্রথম আলো উত্তর আমেরিকার আড্ডায় আগত অতিথিদের একাংশ।

বাংলাদেশের পতাকা নিয়ে দেশের পর দেশ ঘুরে বেড়ানো নাজমুন নাহার আজ ‘পতাকা কন্যা’ নামেই বেশি পরিচিত। প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে বসে তিনি গল্প করলেন তাঁর মনের গভীরে পরিব্রাজক হওয়ার স্বপ্নটি কীভাবে অঙ্কুরিত হয়েছিল। জানালেন, বিশ্ব ঘুরে দেখার অঙ্কুরিত স্বপ্নের ধীরে ধীরে কিশলয় হয়ে উঠেছে এবং অবশেষে কীভাবে তা ডালপালা ছড়িয়ে মহীরূহের রূপ নিতে যাচ্ছে। একঘর আড্ডারত মানুষ মুহূর্তেই নাজমুন নাহারের বর্ণনার সঙ্গে সঙ্গেই যেন চষে বেড়িয়েছেন মরুভূমি, পাহাড়, পর্বত, উপত্যকা, আফ্রিকার জঙ্গল, আদিবাসীদের অজানা অচেনা জনপদে। সেই সব ভ্রমণকাহিনি সবাইকে করেছে বিস্মিত ও শিহরিত। ১৩০টি দেশ ভ্রমণের বিপুল অভিজ্ঞতার গল্প শুনে আড্ডার রূপ গেল বদলে। পরিব্রাজক শুনিয়ে যাচ্ছেন রোমাঞ্চকর সব কথা। আড্ডায় উপস্থিত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক ও কবিরা সবাই বিস্ফারিত চোখে বঙ্গ ললনার মুখে দেশের লাল-সবুজ পতাকা হাতে অভিযাত্রায় গল্প শোনেন রুদ্ধশ্বাসে।
সালেম সুলেরী অল্প কথায় তাঁর কবিজনের ব্যাপক কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরার চেষ্টা করলেন, যদিও তা সম্ভব নয়। তিনি বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলার সংগঠন ‘তিন বাংলা’র প্রতিষ্ঠাতা। আমেরিকাপ্রবাসী ও গ্লোবাল প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত। নিজের গ্রন্থ সংখ্যা প্রায় ২০টি। পেশায় সাংবাদিক ও সম্পাদক। প্রথম আলোর এ স্বজন কবিতা পাঠ ও গানে গানে মাতিয়ে রাখলেন সবাইকে। দুদিন আগে ২৭ আগস্ট ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে কেক কেটে, ফুলের তোড়ায় তাঁকে শুভেচ্ছা জানানো হলো প্রথম আলো পরিবারের পক্ষ থেকে।

স্মৃতিচারণা, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে জমে উঠেছিল আড্ডা।
স্মৃতিচারণা, গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে জমে উঠেছিল আড্ডা।

‘দেশে বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টো থাকেন কানাডার টরন্টোয়। এসেছেন নিউইয়র্কের অতিথি হয়ে। আড্ডায় যোগ দিতে বিলম্ব করলেন না মোটেই। যেন প্রাণের টানেই ছুটে এসেছেন উত্তর আমেরিকার প্রথম আলোর কার্যালয়ে। তাঁর সাবলীল ঢঙে বলা গল্প-কৌতুক আড্ডায় নতুন মাত্রা পেল যেন।
অনুষ্ঠান শেষ হয়েও যেন শেষ হতে চায় না। পাপী মনার দরাজ কণ্ঠ ও অপূর্ব গায়কি আবারও মাতাল সাহিত্য আড্ডাকে। গান, কবিতা এবং চা-জলখাবারে আড্ডা ভাঙতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করে আড্ডাবাজের দল। রাত ফুরোলেই শুক্রবার। সপ্তাহের শেষ দিন। আরও একটি কর্মব্যস্ত দিন। তারপরই আসছে উইকেন্ডের ছুটি। আসন্ন ছুটির সেই আনন্দে উদ্ভাসিত এবং একই সঙ্গে কর্মক্লান্ত নিউইয়র্কারদের মধ্যে তখন ঘরে ফেরার তাড়া।
আড্ডার রীতি অনুসরণ করে বরাবরের মতোই একঝাঁক পরিচিত মুখের ভিড়ে ছিল কিছু নতুন মুখের আনাগোনা। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মুকিত চৌধুরী, আবু তাহের, ইব্রাহীম চৌধুরী, মনজুরুল হক, সানজিদা ঊর্মি, সুব্রত বিশ্বাস, ইশতিয়াক রূপু, রওশন হক, আব্দুস শহীদ, রোকেয়া দীপা, হালিম আহমেদ, মোশারফ হোসেন সবুজ, নাজমুন নাহার, মনীষা দত্ত তৃষা, নীরা রব্বানী, রহমান মাহবুব, আব্দুল মুনকীত চৌধুরী, হেলিম আহমেদ, আহমাদ মাযহার, মুহাম্মদ আলী বাবুল, কাজী শফীকুল হক, জেবুন্নেছা জোসনা, রওশন হাসান, মনিজা রহমান, তফাজ্জল লিটন প্রমুখ।