তিন সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকোতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউনাইটেড পারসেল সার্ভিসের (ইউপিএস) একটি ভবনে প্রতিষ্ঠানটির এক কর্মী গুলি করে তাঁর তিন সহকর্মীকে হত্যা করেছেন। ওই ব্যক্তি পরে গুলি করে আত্মহত্যা করেন। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও রয়টার্সের।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী তাঁর সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশ তাঁকে নিবৃত্ত করতে গেলে তিনি তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি নিজের দিকে তাক করে গুলি চালান। পরে হাসপাতালে ওই ব্যক্তি মারা যান।
সান ফ্রান্সেসকোর পুলিশ জানিয়েছে, তারা ভবনটি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে নিহত ব্যক্তিদের বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
এক বিবৃতিতে ইউপিএস এ ঘটনাটি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থাপনাটি নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি তারা ঘটনার তদন্ত করছে।’