তিনজনকে হত্যার পর ছেলের হাতে নিহত বাবা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহরে ছেলের হাতে এক বাবা নিহত হয়েছেন। খুন হওয়ার আগে ওই ব্যক্তি নিজের স্ত্রী ও ছেলের বান্ধবীসহ তিনজনকে গুলি করে হত্যা করেন। খ্রিষ্টীয় নববর্ষের আগের দিন পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসের রোল্যান্ড হাইটস এলাকায় এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
কাউন্টির আইন প্রয়োগকারী সংস্থা শেরিফ ডিপার্টমেন্ট জানায়, নিহত বাবা (৫৪) খুব মদ্য পান করতেন। বন্দুকের বিশাল সংগ্রহও ছিল তাঁর। নিহত অন্য দুজন হলেন একই বাড়িতে বসবাসকারী ছেলের বান্ধবী ও বাড়িতে বেড়াতে আসা এক যুবক। এ ঘটনায় এখনো কারও নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ঠিক কী কারণে পিস্তল হাতে তুলে নিয়ে ওই বাবা গোলাগুলি শুরু করলেন, তা এখনো পরিষ্কার নয়। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে ওয়াশিং মেশিনের ব্যবহার নিয়ে বাবা ও তাঁর ছেলের বান্ধবীর মধ্যে বিতর্কের জেরে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে বাবা গুলি করে তিনজনকে হত্যা করেন। পরে বন্দুকটি কেড়ে নিয়ে ছেলে তাঁর বাবাকে গুলি করে মারেন।