তিনি ভোট দিলেন মহাকাশ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দুনিয়া থেকে আমেরিকানরা ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে। কেউ ইরাকের মরুভূমি থেকে, কেউ প্রশান্ত মহাসাগরে ভাসতে থাকা রণতরি থেকে, কেউ পানির তলায় ডুবোজাহাজ থেকে। এবার দুনিয়ার বাইরে থেকেও ভোট দিলেন একজন। মার্কিন নভোচারী শেন কিমব্রাউ ভোট দিলেন মহাকাশ থেকে।

নাসার নভোচারী কিমব্রাউ কক্ষপথে ভাসতে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর ভোট পাঠিয়ে দিয়েছেন। গত মধ্য অক্টোবর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই রুশ নভোচারী অবস্থান করছেন সেখানে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার (নাসা) স্লোগান: ‘ভোট হোয়াইল ইউ ফ্লোট’ (আপনি ভেসে থাকলেও ভোট দিন)। সেই স্লোগান মেনে কয়েক দিন আগে ভোট দিয়েছেন শেন কিমব্রাউ।

বার্তা সংস্থার খবরে জানানো হয়, হিউস্টন থেকে নাসার মিশন কন্ট্রোল একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট পাঠিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখান থেকে শেন কিমব্রাউ ফিরতি ইমেইলযোগে তাঁর ভোট পাঠিয়ে দিয়েছেন। ভোট দেওয়ার পরপর প্রতিক্রিয়ায় তিনি জানান, মহাকাশ থেকে ভোট দিতে পারা তাঁর জীবনের একটি বিশেষ মুহূর্ত।

চার মাস মহাকাশে অবস্থানের পর আগামী ফেব্রুয়ারিতে কিমব্রাউ যখন পৃথিবীতে ফিরবেন, তত দিনে হোয়াইট হাউসে নতুন একজন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে নিয়েছেন। ক্ষমতায় যে-ই আসুক, নতুন প্রেসিডেন্টকে স্বাগতম জানাবেন এই নভোচারী।