
ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রিয়াজ বলেছেন, ‘আ ফ ম মাহবুবুল হক সাফল্যকে সাধারণভাবে দেখেননি। ব্যর্থতাগুলোকে প্রকৃত সাফল্যে উত্তীর্ণ হওয়ার পথ হিসেবে বিবেচনা করেছেন। ব্যক্তি মানুষ হিসেবে তিনি আদর্শের জন্য লড়াই করেছেন বলে তাঁকে আমি শ্রদ্ধা জানাই। তাঁর সঙ্গে অনেক বিষয়ে একমত—ভিন্নমত হয়েছে। ভিন্নমত হওয়া সত্ত্বেও তিনি আমাকে শ্রদ্ধা দেখিয়েছেন।’
নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ২ ডিসেম্বর অনুষ্ঠিত প্রয়াত রাজনীতিক, মুক্তিযুদ্ধকালে বিএলএফের রাজনৈতিক প্রশিক্ষক, জাসদ ও বাসদের প্রতিষ্ঠাকালীন নেতা আ ফ ম মাহবুবুল হক স্মরণে সর্বজনীন শোকসভায় ড. রিয়াজ এসব কথা বলেন।
বাসদ ছাত্রলীগের এক সময়ের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আলী রিয়াজ। অতিথি হিসেবে মঞ্চে ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, ঠিকানা পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সিরাজউদ্দিন।
সভার শুরুতে আ ফ ম মাহবুবুল হক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন অরুণ দাশ গুপ্ত। তাঁর স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক ইব্রাহীম চৌধুরী।
আ ফ ম মাহবুবুল হক স্মরণে আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ তাজুল ইসলাম, মোশারফ খান, জাসদের সাবেক নেতা আনহার মিয়া, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু, বাসদের সাবেক নেতা জামান তপন, খন্দকার ফরহাদ, সাংবাদিক মুজাহিদ আনসারী, মঈনুল হক চৌধুরী হেলাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জসীমউদ্দিন ভূঁইয়া, এমাদ চৌধুরী, এ কে আজাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু তালেব, অধ্যাপক আবুল কালাম আজাদ, সৈয়দ টিপু সুলতান, ফখরুল আলম, আজকাল পত্রিকার সম্পাদক মনজুর আহমদ, বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান।
বক্তারা আ ফ ম মাহবুবুল হককে একজন ত্যাগী নেতা হিসেবেই অভিহিত করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের আদর্শের সংগ্রামী নেতা। তাঁর মতো নেতাদের আমরা সম্মান জানাতে পারি না বলেই বাংলাদেশের আজ দুর্গতি।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক রিয়াজ বলেন, ‘মাহবুবুল হকের সঙ্গে আলোচনা করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। শিখেছি যে ভিন্নমতের হওয়া সত্ত্বেও আমরা কিছুটা পথ একসঙ্গে চলতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এখন সহনশীলতা নেই। তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য একত্র হলেই তাঁর আদর্শ বাস্তবায়ন করা যাবে তা আমি মনে করি না।’
অধ্যাপক রিয়াজ আরও বলেন, ‘পারস্পরিক মতপার্থক্য থাকলেও যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট না হয়। বাংলাদেশের অন্য অনেকের সঙ্গে পার্থক্য হচ্ছে তাঁর অঙ্গীকার। একজন মানুষ অঙ্গীকারে স্থির আছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাঁর দেশপ্রেম প্রশ্নাতীত, সেখানে তিনি অঙ্গীকারবদ্ধ। একজন মানুষ অঙ্গীকারে স্থির আছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’
বাংলাদেশি এই শিক্ষক বিষয়টিকে আরও পরিষ্কার করে বলেন, ‘সাধারণ মানুষের জীবনযাপনের কাছে আ ফ ম মাহবুবুল হকের দায়বদ্ধতা ছিল। রাজনৈতিক ভিন্নমতের কারণে তাঁকে অশ্রদ্ধা করা যাবে না—এমন উপলব্ধি অর্জনে আমি তাঁর কাছে ঋণী।’
আলী রিয়াজ স্মরণ করিয়ে দেন ২০০৪ সালে আহত হওয়ার পর থেকেই তিনি আমাদের মধ্যে সেভাবে নেই। তারপরও তিনি শারীরিকভাবে বেঁচে ছিলেন রুশ বিপ্লবের শতবর্ষের উদ্যাপনের বছর পর্যন্ত। এভাবেও আমরা তাঁকে স্মরণ করতে পারব। তিনি বলেন, ‘তাঁর ব্যক্তিজীবন উত্তর প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠলে সেটাই হবে গুরুত্বপূর্ণ।
পরে সভাপতি শাহাবউদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।