তিস্তা থেকে আত্রেয়ী: সবটাই রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকলেও এই পানিবণ্টন চুক্তির বিরোধিতায় এখনো অনড় রয়েছেন মমতা। মানে মমতা বন্দ্যোপাধ্যায় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা। তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার যতবার এগিয়েছে, ততবার বিরোধিতার লাইনে অবস্থান নিয়েছেন মমতা। সেই কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকার থেকে আজকের বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকার পর্যন্ত। কংগ্রেসের আমলে ভারতের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে যতবার এগিয়েছে ততবার বাধা দিয়েছেন মমতা। আর মমতাকে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদনে রাজি করানোর জন্য কম প্রয়াস চালাননি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। এসএম কৃষ্ণ থেকে সলমান খুরশিদ। কিন্তু কেউই মন গলাতে পারেননি মমতার।
কংগ্রেস থেকে বিদ্রোহ করে মমতা গড়েছিলেন তৃণমূল কংগ্রেস ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি। ফলে মমতার সঙ্গে কংগ্রেসের একটা বৈরিতার বীজ রোপিত হয়েছিল সেই তৃণমূল কংগ্রেসের ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে নেই। তিস্তার পানি বহুদূর গড়িয়ে শেষ পর্যন্ত এখন থমকে দাঁড়িয়েছে মোদির দরজায়।
তিস্তা একটি আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদীর পানির হিস্যা নিয়ে চুক্তি করার ক্ষমতা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। তবুও, যেহেতু তিস্তা পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত সেহেতু কেন্দ্রীয় সরকার চাইছে মমতার সঙ্গে সহমতের ভিত্তিতে এই তিস্তা চুক্তি সম্পাদন করতে; যাতে এই চুক্তি নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক ইস্যু তুলে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়তে না পারেন মমতা। কিন্তু মমতাকে এখন পর্যন্ত নরম করতে পারেননি মোদি সরকার।
অধিকন্তু মমতা নতুন আর একটি ইস্যু তুলে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার ফের উত্তাল করে তুলেছেন। দক্ষিণ দিনাজপুরের মাঝ দিয়ে প্রবাহিত আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে প্রশ্ন তুলে উত্তাল করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতি। বলেছেন, আত্রেয়ী নদীতে বাংলাদেশ অংশে যে বাঁধ দিয়েছে বাংলাদেশ সেই বাঁধের পানিও ছেড়ে দিতে হবে। বাঁধের কারণে পানি আটকে থাকায় দক্ষিণ দিনাজপুরের মানুষ আত্রেয়ী নদীর পানি থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাহত হচ্ছে সেচ কাজ ও চাষাবাদ। যদিও মমতার এই দাবিকে রাজনীতিকেরা দেখছেন অন্য দৃষ্টিকোণ দিয়ে। তাঁরা মনে করছেন এটা মমতার তিস্তার পাল্টা দাবি। এর আগে অবশ্য মমতা তিস্তার পরিবর্তে তোর্সা সহ আরও কয়েকটি নদীর পানি দেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপ্রিল মাসে দিল্লির সফরকালে। কিন্তু তাতে সায় দেয়নি বাংলাদেশও। ফলে এসব প্রস্তাব ভাষণের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তিস্তার পাশাপাশি আত্রেয়ী নদীর বাঁধ খুলে দেওয়ার দাবি করায় দক্ষিণ দিনাজপুরে ‘আত্রেয়ী বাঁচাও আন্দোলন’ বেগবান হয়। এখন সেখানে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। তারা দাবি তুলেছে আত্রেয়ী বাঁধ ভেঙে দেওয়ারও।
তিস্তাকে ঘিরে আত্রেয়ী আন্দোলন নতুন মাত্রা যোগ হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। যেটা এই মুহূর্তে চাইছে না অনেকে। অনেক রাজনৈতিক দলের নেতারা মনে করছেন এটা মমতার একটি রাজনৈতিক চমক।
কিন্তু কেন মমতার তিস্তা নিয়ে এত আপত্তি? কেনই বা আত্রেয়ী নদীর বাঁধ নিয়ে নতুন ইস্যু তুলে রাজনীতিকে নতুন চমক দিলেন মমতা? উত্তাল করছেন? অনেকেই বলছেন, এটা বিজেপির সঙ্গে মমতার বর্তমান সংঘর্ষই মূল কারণ। পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থান নড়বড়ে চিরকালই ছিল। তবে বর্তমানে বিভিন্ন রাজ্যে বিজেপির বিজয় নতুন মাত্রা যোগ করে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতিতে। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বাম দলের বিপর্যয় নতুন করে বিজেপির মনে আশার সঞ্চার করে। বিজেপি মনে করছে, তারাই এই রাজ্যে দ্বিতীয় দল হিসাবে উঠে আসছে। মমতাও বুঝতে পারেন বিজেপির অবস্থান দিনে দিনে শক্তিশালী হচ্ছে। দ্বিতীয়ত মমতার কাঁধে এখন সারদা, রোজভ্যালি এবং নারদ মামলার বোঝা। এই মামলায় জড়িয়ে আছেন মমতার দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে কলকাতার পৌর করপোরেশনের মেয়রও। কারাগারে আছেন মমতার দলের ক’জন নেতাও। মমতা চাইছেন নেতাদের মুক্ত করতে। কিন্তু পারছেন না। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।