তুমি কি তাঁরে করিয়াছ ক্ষমা?

“আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়/ পারে লইয়া যাও আমায়”। একেবারে নীরব। তবে আমরা ভুলতে পারি না সে সময়। আমাদের শিক্ষা জীবন তিনি ধ্বংস করেছেন। নারী প্রেমে অনেকেই ধন্য হয়েছেন পরে। পরবর্তীতে অনেক ছাত্রনেতা, পাতিনেতা বড় নেতা হয়েছেন, মন্ত্রী হয়েছেন। হয়তো ভোগ করেছেন। ভোগবিলাসের ভাগ পেয়েছেন। তাঁদের জন্য এরশাদ মহান হতে পারেন। নব্বইয়ের প্রজন্ম হিসেবে তাদের জন্য শুধু করুণা হয়।
আওয়ামী লীগের অনেককেই দেখি, ছাত্রলীগের অনেককেই দেখি মরহুম এইচ এম এরশাদের প্রতি ভালোবাসা দেখাতে। এরা ভুলে গেছে জাফর, জয়নাল, মোজাম্মেল, দীপালি সাহার নাম। এরা ভুলে গেছে সেলিম, দেলোয়ারের কথা। সজ্ঞানে ঠান্ডা মাথায় ট্রাক তুলে দেওয়ার কাহিনি এরা ভুলে গেছে। এরা ভুলে গেছে তিতাসের কথা, দৌলত খানের কথা। নূর হোসেনের কথা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আমরা ভুলতে পারি না।
১৯৮৮ সালের ২০ ফেব্রুয়ারিতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ৩০–৪০ জন নেতাকর্মীর জীবন দেওয়া কি কেবলই অপচয়, আমি মানতে পারি না। এ কি কেবল বিলাসিতা? শেখ হাসিনাকে বাঁচাতে তাঁর দলের শ্রমিক নেতা কাসেমের জীবন দান কি তাঁকে অভয় দেয়নি, ‘আমরা আছি লক্ষ ভাই’।
সপ্তম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনকে বৈধতা দান, অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম করে অন্য ধর্মের মানুষদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করে মুক্তিযুদ্ধের বাংলাদেশের চেতনাকে ভূলুন্ঠিত করেন? তাঁকে নিয়ে লেখা হয়েছিল, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে! আজ কোনো কোনো আওয়ামী লীগ নেতা এরশাদের প্রশংসায় পঞ্চমুখ। তাঁরা ভুলে গেছেন ফ্রিডম পার্টির আক্রমণের কথা।
বঙ্গবন্ধু হত্যার সময় তিনি কোথায় ছিলেন? তিন মাস পরে এসে মেজর জেনারেল। উপ সেনাপ্রধান হন কার আশীর্বাদে? একাত্তরে তাঁর ভূমিকা কি? কোথায় ছিলেন? মঞ্জুর হত্যা মামলা শেষ হলো না কেন? আমরা ভুলতে পারি না। দুর্নীতির শুরুটা তিনি করেছিলেন, আজ যা মহিরুহ। তাঁকে ক্ষমা করতে পারি না।
বসুনিয়াকে মনে পড়ে, রুবি রায়–এর মতো।
এ যে আমাদের প্রথম প্রেম!