তুষারঝড়ে বেহাল নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুষারঝড়ের মধ্যে হেঁটে চলেছেন এক পথচারী l ছবি: এএফপি
তুষারঝড়ের মধ্যে হেঁটে চলেছেন এক পথচারী l ছবি: এএফপি

একটানা ২০ ঘণ্টা তুষারঝড়ের পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগর নিউইয়র্ক ও আশপাশের শহর গতকাল রোববার শান্ত হয়। এই সময়ের মধ্যে যে তুষারপাত হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন তা রেকর্ড পরিমাণ। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে জমা তুষারের পরিমাণ ২৮ দশমিক ৮ ইঞ্চি। গত দেড় শ বছরে মাত্র একবার, ২০০৬ সালে এর চেয়ে সামান্য কিছু বেশি তুষারপাত হয়েছিল। নগরের কোনো কোনো এলাকায় অবশ্য তুষারের পরিমাণ সেই রেকর্ডও ছাড়িয়ে যায়। সারা শহর টহল দিয়ে শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও সাংবাদিকদের যা বললেন তার মোদ্দা অর্থ হলো, ‘বাপের জন্মেও’ এত তুষার তিনি দেখেননি।
আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল সকাল নাগাদ নিউইয়র্কের সড়কে গাড়ি চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে মেট্রোরেল সার্ভিস আরও কিছু সময় বন্ধ থাকবে বলে জানানো হয়।
শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের মোট ১৮টি অঙ্গরাজ্য এই তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো রাজ্যে তুষারপাত হয়েছে প্রায় ৩০ ঘণ্টা। সবচেয়ে বেশি হয়েছে পশ্চিম ভার্জিনিয়ায়, সেখানে গ্লেনগারিতে জমা তুষারের পরিমাণ ৪০ ইঞ্চি ছাড়িয়ে গেছে। বিপদ এড়ানোর জন্য ১১টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি যানবাহন ছাড়া সব বেসরকারি গাড়ির চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এই অভূতপূর্ব তুষারপাতে পূর্বাঞ্চলের অধিকাংশ রাজ্যের জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। নিউইয়র্ক শহরে শনিবার বেলা একটার পর বাস ও রেল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিমানের হাজার হাজার ফ্লাইট বাতিল ঘোষিত হয়। আটকা পড়েন হাজার হাজার বিমানযাত্রী। নিউজার্সির কোথাও কোথাও জমা বরফ গলে বন্যা দেখা দিয়েছে। বিদ্যুতের তার পড়ে যাওয়ায় প্রায় দেড় লাখ মানুষ এই ঠান্ডার রাতে বিদ্যুৎ ও ঘর গরম করার ‘হিটিং’-ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে। অধিকাংশ শহরেই সেই বিপদের কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলঘর, কমিউনিটি কেন্দ্র ও হাসপাতালে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়।
স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তুষারপাত-সংশ্লিষ্ট কারণে মৃত্যু হয়েছে মোট ২০ জনের। কর্তৃপক্ষ এ সংখ্যা বাড়ার আশঙ্কা করছে। শুধু নিউইয়র্কেই তুষারস্তূপ সরানোর কাজ করার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন কমপক্ষে সাতজন। লং আইল্যান্ডে এক বৃদ্ধ তাঁর প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে মারা গেছেন। নর্থ ক্যারোলাইনায় এক ব্যক্তি মহাসড়কে বরফে আটকে পড়া এক গাড়ির চালককে সাহায্য করতে এসে দৃশ্যত ভুল-বোঝাবুঝির কারণে সেই চালকের হাতেই খুন হয়েছেন।
শনিবার মধ্যরাতের পর নিউইয়র্কসহ অধিকাংশ শহরে তুষারপাত মন্থর হয়ে আসে। তুষারপাত বন্ধ হলেও বিপদ কমেনি। প্রতিটি নগর প্রশাসনের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় মাথাব্যথা, অবিলম্বে জমা বরফ সরিয়ে শহর সচল করার উদ্যোগ নেওয়া। নিউইয়র্ক শহরে অবশ্য শনিবার রাতভর প্রধান সড়কগুলো থেকে বরফ সরানোর কাজ চলেছে। গতকাল সকাল থেকে বাস ও পাতাল রেলব্যবস্থাও চালু হয়েছে। কিন্তু বাড়ির সামনে যে বরফ জমেছে, তা সরানোর দায়িত্ব সেই ঘরে বসবাসরত লোকদের। এই প্রতিবেদকসহ অনেকেই শনিবার মধ্যরাতের পর থেকেই সেই কাজ শুরু করেন। শুধু বাঁচোয়া এই যে রোববার ছুটির দিন বলে কাজের তাড়া নেই।