তুষারঝড়ের পর জাগছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের পশ্চিম অংশে তুষারাচ্ছাদিত প্রাঙ্গণে রোববার খেলায় মেতে উঠেছে এক কিশোরী। দেশটির পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে টানা ৩৬ ঘণ্টা ধরে চলা ভয়াবহ তুষারঝড়ের ধাক্কা সামলে এদিন ঘর ছেড়ে কর্মব্যস্ততায় ফেরার চেষ্টা করে মানুষ l ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের পশ্চিম অংশে তুষারাচ্ছাদিত প্রাঙ্গণে রোববার খেলায় মেতে উঠেছে এক কিশোরী। দেশটির পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে টানা ৩৬ ঘণ্টা ধরে চলা ভয়াবহ তুষারঝড়ের ধাক্কা সামলে এদিন ঘর ছেড়ে কর্মব্যস্ততায় ফেরার চেষ্টা করে মানুষ l ছবি: এএফপি

আমেরিকার ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ তুষারঝড়ের পর নিউইয়র্কসহ পূর্বাঞ্চলের শহরগুলো ধীরে ধীরে পুনরুজ্জীবিত হতে শুরু করেছে। অন্যদিকে তুষারপাত ও তীব্র শীতে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত। এর মধ্যে তাইওয়ানেই মারা গেছে ৮৫ জন। খবর বিবিসির।
তুষারঝড়ের কারণে নিউইয়র্ক সিটিতে চলাচলের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। তবে অতি জরুরি প্রয়োজন না হলে গাড়ি নিয়ে রাস্তায় বের না হতে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
জনবহুল নিউইয়র্কে এবারের তুষারঝড়ে এতটাই বরফ জমে যায় যে ১৮৬৯ সালের পরে এমনটা আর কখনোই দেখা যায়নি। তিন-চার ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থকে বেরোনোর রাস্তা, মূল সড়কে ওঠার পথ বের করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক।
তুষার সরাতে গিয়ে অনেক মানুষ হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন, অনেকের হাড়গোড় ভেঙেছে। ঝড়ে এখন পর্যন্ত যে ২০ জনের মৃত্যুর খবর জানা গেছে, তার মধ্যে অন্তত ছয়জনই প্রাণ হারিয়েছেন বরফ সরাতে গিয়ে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, নিউ জার্সিতে কার্বন মনো-অক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী ও তাঁর এক বছর বয়সী সন্তান।
এই ঝড়ে পূর্ব উপকূলের পাঁচটি রাজ্যে কোথাও তিন ফুট, আবার কোথাও তার চেয়েও বেশি তুষার জমেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের জনজীবন সাময়িক স্থবির করে দিয়ে এই তুষারঝড় এখন আটলান্টিকমুখী।
তাইওয়ানে প্রাণহানি ৮৫: শৈত্যপ্রবাহের জের ধরে তুষারপাত ও তীব্র শীত পূর্ব এশিয়াকে কাবু করে ফেলেছে। তাইওয়ানের গণমাধ্যম বলছে, সপ্তাহান্তে দেশের অনেকাংশে তাপমাত্রা আকস্মিক নেমে যায়। দেশটিতে নিহত ৮৫ জনের মধ্যে তাইপে সিটি, তাওইউয়ানসহ উত্তরাঞ্চলেরই অন্তত ৬৬ জন। এর বাইরে দক্ষিণের শহর কাওসিয়াংয়ে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে তীব্র তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছেন প্রায় ৬০ হাজার পর্যটক।