তুষারে বিমান চলাচল

‘১৯৮২ সালের ১৩ জানুয়ারি এয়ার ফ্লোরিডার অভ্যন্তরীণ ফ্লাইট বোয়িং ৭৩৭ ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফোর্ট লৌডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়ে হোয়াইট হাউস থেকে মাত্র দুই মাইল দূরে পোটম্যাক নদীর ১৪ স্ট্রিট সেতুতে বিধ্বস্ত হয়।’
এ দুর্ঘটনা ঘটে প্রচণ্ড তুষারপাতের কারণে, ফ্লাইট বেশি শীতল হয়ে পড়ে এবং ক্যাপ্টেন সম্ভবত বরফ নিয়ন্ত্রণ-প্রক্রিয়া ঠিকমতো চালু করতে পারছিলেন না। একসময় তা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। ৮৭ জনের মধ্যে মাত্র পাঁচজন জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন।
‘ডেনভারে ১৫ নভেম্বর ১৯৮৭ সালে একটি মহাদেশীয় এয়ারলাইনসের ডিসি-৯ জেটলাইনার একটি বিমান তীব্র তুষারঝড়ে পড়লে ২৬ জনের প্রাণহানি ঘটে ও ৫৬ জন আহত হন।’ এ ছাড়া ছোটখাটো আরও অনেক ঘটনা আছে তুষারপাতের জন্য।
বৈরী আবহাওয়ার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই ফ্লাইট বাতিল হয়ে যায়। কিন্তু শুধু বৃষ্টি বা তুষারের জন্য বাতিল হলেও খুব গুরুত্বপূর্ণ শহরগুলোতে কিছুসংখ্যক ফ্লাইট চলাচল করে। কিন্তু এর জন্য এয়ারলাইনসগুলোকে গুনতে হয় অনেক বাড়তি খরচ। তুষারের মধ্যে একটা ফ্লাইটকে উড্ডয়নের জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। সাধারণ অবস্থায় সব মিলিয়ে বিমানপ্রতি যেখানে ২০ থেকে ২৫ জন কর্মী কাজ করেন, সেখানে প্রতিকূল অবস্থায় সে সংখ্যা বেড়ে যায়।
এ রকম শীতকালীন সময় বাইরে স্বাভাবিক হারে তুষার পড়ছে, শুধু নিউইয়র্কের আবহাওয়ার জন্য নয় অন্য কোথাও আবহাওয়া খারাপ হওয়াতেও বেশ কিছু বিমান বাতিল হয়েছে। তারপরও কোনো কোনো জায়গায় চলাচল করছে। প্রথম যখন দেখি, বেশ অবাক চোখেই দেখলাম, ট্রাংকের মতো দুদিক থেকে দুটো গাড়ি থেকে প্রায় ঘণ্টাখানেক ধরে পানির পাইপের মতো পাইপ দিয়ে বিমানের ওপর কোনো তরল স্প্রে করা হচ্ছে। সাধারণ দৃষ্টিতে মনে হয়েছে গরম পানি দিয়ে বিমান ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। গরম ধোঁয়াও উড়ছে। অনেকক্ষণ আগে বোর্ডিং সম্পন্ন হলেও বিমান ছাড়ছে না এবং স্প্রের কাজ চলছে। একসময় সিনিয়র এক সহকর্মীকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে গ্লাইকল দেওয়া হচ্ছে যাতে তুষার জমে অতিরিক্ত ঠান্ডা না হয়ে পড়ে ফ্লাইট। গ্লাইকল ও পানির রাসায়নিক মিশ্রণ তরল পদার্থ স্প্রে করা হয়। এই রাসায়নিক মিশ্রণ সাধারণত বিমানকে গরম রাখে এবং বিমানের বরফ ও তুষার অপসারণের জন্য সহায়তা করে।
তখন উনি জানালেন, বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য এ বিশেষ ব্যবস্থা। তবে আগে এ ধরনের কোনো প্রস্তুতি ছিল না। তখন নাকি অনেক বড় বড় দুর্ঘটনা ঘটত। কোনো একটা দুর্ঘটনায় নাকি একমাত্র ক্যাপ্টেন প্যারাস্যুট নিয়ে বের হয়ে এসেছিলেন। কিন্তু আর কেউই বাঁচতে পারেননি। এভাবে উনি আরও দু-একটা ঘটনার উল্লেখ করেন, যার সত্যতা পরে গুগলে অবশ্য পেলাম। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির গুণগত মান বেড়ে চলেছে, সব অসম্ভব সম্ভব হয়ে উঠছে।