>

নির্বাচনের ফলাফল না-ও মানতে পারেন, ট্রাম্পের এমন মন্তব্যে সমালোচনার ঝড়
প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল না-ও মানতে পারেন, এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের কাছ থেকে তো বটেই, নিজ দলের অনেক নেতা এখন তাঁর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তা সত্ত্বেও ট্রাম্প তাঁর অবস্থান বদলাননি।
গত বৃহস্পতিবার ওহাইওতে এক নির্বাচনী প্রচারে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ঘোষণা করেন, নির্বাচনী ফলাফল তিনি অবশ্যই মেনে নেবেন, যদি সে নির্বাচনে তাঁর জয় হয়। ট্রাম্পের এই কথায় কয়েক হাজার দর্শক হাসিতে গড়িয়ে পড়েন। কিছু পরে ট্রাম্প তাঁর সুর বদলে বলেন, নির্বাচনের ফল যদি পরিষ্কারভাবে তাঁর বিরুদ্ধে যায়, তিনি সে ফল মেনে নেবেন। কিন্তু কোনো ধরনের কারচুপি হলে এ নিয়ে আইনগত লড়াইতে যেতে তিনি দ্বিধা করবেন না।
একই দিন ফ্লোরিডায় এক নির্বাচনী সভায় ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করে প্রেসিডেন্ট ওবামা বলেন, নির্বাচনের ফল প্রত্যাখ্যান কোনো হাসি-ঠাট্টার ব্যাপার নয়। ট্রাম্প দেশের মানুষের মনে নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহের বীজ বুনতে চাইছেন। এর ফলে গণতন্ত্রের ভীত ক্ষতিগ্রস্ত হয়।
ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ট্রাম্প আমেরিকা নামক চেতনার পরিপন্থী অবস্থান নিয়েছেন। অ্যারিজোনায় এক সভায় তিনি বলেন, নির্বাচনের ফলাফল অগ্রাহ্য করার যেকোনো চেষ্টার ফলে শুধু গণতন্ত্র নয়, আমেরিকা নামক দেশটির ভিত্তিমূলে আঘাত হানা হবে।
উল্লেখ্য, বুধবারের টেলিভিশন বিতর্কে নির্বাচনের ফল মেনে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, সময় এলেই এই প্রশ্নের জবাব মিলবে। বলেন, ‘এখন আমি আপনাদের রহস্যের ভেতরে রাখছি।’
রিপাবলিকান দলের নেতাদের কাছেও প্রবল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। নভেম্বরে শুধু প্রেসিডেন্ট পদের জন্য নয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যপদের জন্যও নির্বাচন হবে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল অবৈধ হলে কংগ্রেসের জন্য নির্বাচনও অবৈধ হয়ে পড়ে। সে কথা মাথায় রেখে সিনেটর ম্যাককেইন বলেছেন, বিগত প্রতিটি নির্বাচনে পরাজিত প্রার্থী ফলাফল মেনে বিজয়ী প্রার্থীকে প্রেসিডেন্ট স্বীকার করে অভিনন্দন জানিয়েছেন। ২০০৮ সালে ওবামার কাছে পরাজিত হয়ে ম্যাককেইন নিজে তা-ই করেছিলেন। তিনি বলেন, এটাই মার্কিন গণতন্ত্রের নিয়ম, তার ঐতিহ্য। ট্রাম্পকে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘২০০৮ সালে নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি, কিন্তু সে ফল মেনে নেওয়া আমার দায়িত্ব ছিল। এটা শুধু ভদ্রতার ব্যাপার নয়, আমেরিকান জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন।’
ইউটাহর রিপাবলিকান সিনেটর মাইক লি বলেছেন, ট্রাম্পের মন্তব্য কতটা ভীতিকর, তা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। এর ফলে পুরো নির্বাচনী ব্যবস্থা বৈধতা হারাবে। মেইন অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ট্রাম্পের বক্তব্যকে ‘স্টুপিড’ বা বোকার মতো কথা বলে তা প্রত্যাখ্যান করেন।
ব্যাপারটা সবচেয়ে বিপদে ফেলেছে সেই সব রিপাবলিকান সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের, যাঁরা নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন। আর মাত্র চারটি অতিরিক্ত আসন দখল করতে পারলেই সিনেটের নিয়ন্ত্রণ হাতবদল হবে। ডেমোক্র্যাটরা আশা করছেন, শুধু সিনেট নয়, প্রতিনিধি পরিষদও তাঁদের নিয়ন্ত্রণে আবার ফিরে আসবে। সে বিবেচনা থেকেই সুরক্ষিত নয় এমন রিপাবলিকান আসন দখলে আনার জন্য তাঁরা নির্বাচনী প্রচারে অতিরিক্ত অর্থ বরাদ্দ শুরু করেছেন। এমনকি প্রতিনিধি পরিষদে কে তাঁদের নেতা হবেন, সে প্রশ্নে কোনো সিদ্ধান্ত গ্রহণও তাঁরা বিলম্বিত করছেন। প্রাক্তন ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি আশা করছেন, তিনি নিজের পুরোনো পদ ফিরে পাবেন