ত্রাণের অর্থে বিলাসিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের ব্রুকলিনের অ্যাসেম্বলিওমেন পামেলা হ্যারিস
নিউইয়র্ক নগরের ব্রুকলিনের অ্যাসেম্বলিওমেন পামেলা হ্যারিস

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্যান্ডির পর উদ্ধার ও পুনর্গঠন কাজে বরাদ্দ বরা অর্থ নিজের পকেটে পুরেছেন নিউইয়র্ক নগরের ব্রুকলিনের অ্যাসেম্বলিওমেন পামেলা হ্যারিস। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে এমন তথ্য উঠে এসেছে। ৯ জানুয়ারি এই তথ্য প্রকাশের পাশাপাশি পামেলার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছে।
২০১২ সালে আঘাত হানা স্যান্ডির ক্ষতি পুষিয়ে উঠতে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। মূলত ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাড়িঘর সংস্কার ও অবকাঠামো উন্নয়নে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট খাতে ব্যবহার না করে বরাদ্দকৃত অর্থ পামেলা হ্যারিস তা নিজের পকেটস্থ করেছেন বলে মার্কিন ফেডারেল তদন্তে উঠে এসেছে।
এফবিআইয়ের অভিযোগে বলা হয়েছে, ছুটি কাটাতে গিয়ে পামেলা ১০ হাজার ডলার ব্যয় করেছেন। অভিজাত বিপণিবিতান ভিক্টোরিয়া’স সিক্রেটে তিনি বিপুল পরিমাণ কেনাকাটা করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে তদন্তের সময় এফবিআইয়ের কাছে মিথ্যা বলার জন্য সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের প্ররোচিত করেছেন তিনি।
কিন্তু শেষ রক্ষা যে হয়নি, তা তো পামেলার বিরুদ্ধে এফবিআইয়ের আনা অভিযোগই বলে দিচ্ছে। এফবিআইয়ের নিউইয়র্ক নগর কার্যালয়ের প্রধান উইলিয়াম সুইনি জুনিয়র নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘হ্যারিস ঘূর্ণিঝড়কে পুঁজি করে নিজে বড় হতে চেয়েছেন। সত্যিকারের দুর্গতদের সহায়তার জন্য তিনি অর্থ বরাদ্দ পেয়েছিলেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের তহবিলের পাশাপাশি ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট সংস্থা থেকেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু এই বরাদ্দ থেকে ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে কয়েকটি ধাপে তিনি ৬০ হাজার ডলার সরিয়েছেন।’
এফবিআইয়ের এই কর্মকর্তা জানান, পামেলা হ্যারিস নিজের মালিকানাধীন একটি বাড়ি সংস্কারের কথা বলে ২৫ হাজার ডলার সরিয়েছেন। কিন্তু কোনি আইল্যান্ডের যে বাড়ির জন্য এই অর্থ তিনি সরিয়েছেন, ঘূর্ণিঝড় স্যান্ডিতে তার কোনো ক্ষতিও হয়নি।
৯ জানুয়ারি সকালে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে দেড় লাখ ডলারের বন্ডের বিনিময়ে তাকে মুক্ত করা হয়। মুক্ত হয়ে পামেলা হ্যারিস ফিরে যান তাঁর কোনি আইল্যান্ডের বাড়িতে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি তিনি। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে পামেলার আইনজীবী বলেন, ‘পামেলা হ্যারিস দারুণ একজন সংগঠক এবং দক্ষ আইনপ্রণেতা। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনায় আমরা ভীষণভাবে হতাশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। আমরা আদালতের শুনানির জন্য অপেক্ষা করছি। সেখানেই আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ বক্তব্য তুলে ধরব।’
আইনপ্রণেতা হওয়ার আগে পামেলা হ্যারিস ছিলেন একজন সংশোধন কর্মকর্তা। একই সঙ্গে কোনি আইল্যান্ডের একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রধানও ছিলেন তিনি। সে সময় সিটি কাউন্সিলের পক্ষ থেকে তাঁর প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য দেওয়া ৩৪ হাজার ডলার পকেটস্থ করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে বিশেষ নির্বাচনে অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হওয়ার পর কোনি আইল্যান্ড জেনারেশন গ্যাপ নামের ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। পরের বছর আবারও অ্যাসেম্বলি সদস্য নির্বাচিত হন তিনি।
পামেলা হ্যারিসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের এই তদন্ত যৌথভাবে করেছে এফবিআই, মার্কিন অ্যাটর্নি কার্যালয় ও নিউইয়র্ক নগরের তদন্ত বিভাগ (ডিওআই)। ডিওআই কমিশনার মার্ক পিটারস নিউইয়র্ক ডেইলিকে বলেন, ‘এই অভিযোগ, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, তা জনপ্রতিনিধিদের জন্য অবমাননাকর। এটি জনপ্রতিনিধির সংজ্ঞাকেই প্রশ্নবিদ্ধ করছে।’
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের অক্টোবরে স্যান্ডির আঘাতের সময় পামেলা ছিলেন ব্রুকলিনে তাঁর নিজ বাড়িতে। ঝড়ে তাঁর এই বাড়ির কোনো ক্ষতিই হয়নি। কিন্তু তিনি সে সময় স্ট্যাটেন আইল্যান্ডে নিজের বাড়ির ভাড়ার দলিল ও রসিদ জাল করে ক্ষতিগ্রস্ত হিসেবে নিজেকে উপস্থাপন করেন। আর এর বিপরীতে হওয়া বরাদ্দের অর্থ লোপাট করেন। এ ছাড়া নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের গৃহীত প্রকল্প ‘বিল্ড ইট ব্যাক’-এর তহবিল থেকেও অবৈধভাবে অর্থ লুটের চেষ্টা করেছিলেন তিনি।
প্রাথমিক শুনানির পর বন্ডের বিনিময়ে পামেলা হ্যারিসকে মুক্ত করা হলেও দ্রুতই আদালতে এই অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এতে দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ ৩০ বছরের সাজা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।