ত্রুটিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে আসছে নতুন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীতে ত্রুটিপূর্ণ উঁচু ভবনের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বিল্ডিং কোড মানছেন না ভবনের মালিকেরা। অদক্ষ কারিগর দিয়ে দায় সারা মেরামত করিয়ে নেন অনেকেই। এ কারণে প্রায়ই পথচারীদের মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

গত সপ্তাহে টাইম স্কয়ারের ৭২৯ সেভেন অ্যাভিনিউ ভবনের বহির্বিভাগ ভেঙে ৬০ বছর বয়সী একজন নারী স্থপতির মৃত্যু হয়েছে। ১৯৭৯ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের বাইরের অংশ ধসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। গত ছয় বছরে চার হাজার ৭৯০টি ত্রুটিপূর্ণ ভবন মেরামত করার জন্য কর্তৃপক্ষ নোটিশ জারি করে। এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি ভবনের কাজ সম্পন্ন হয়নি।

নতুন ‘বাড়ি ভাড়া’ আইন কার্যকর হওয়ার পর থেকে ভবিষ্যতে মালিকানা টিকিয়ে রাখা নিয়েও মালিকেরা উদ্বেগ প্রকাশ করছেন। এ কারণে আরও বাড়তি মেরামত খরচ নিয়েও ভাবা দরকার বলে মনে করছেন তারা। ইতিমধ্যে ২২ হাজারেরও বেশি ভায়োলেশন বিল্ডিং ডিপার্টমেন্টে জমা পড়ে আছে। যার মেরামত কাজ করানো হচ্ছে না।

১৯৭৯ সালের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনার পর নগর কর্তৃপক্ষ আইন করেছিল ছয় তলার বেশি ভবনগুলো প্রতি পাঁচ বছর পর পর মেরামত করতে হবে। কিন্তু এই আইন মানছেন না কেউ। ২০২০ সাল থেকে আরেকটি নতুন আইন চালু হতে যাচ্ছে। এই আইনের আওতায় দক্ষ কারিগরেরা মেরামতের কাজ শেষে নিজেরাই বিল্ডিং ডিপার্টমেন্টে রিপোর্ট জমা দেবেন। এ ছাড়া তাঁদের সাইড ওয়াক শেড এক বছরের আগেই সরিয়ে নিতে হবে। অন্যথায় তাঁদের জরিমানা করা হবে।