থ্যাংকস গিভিং ডেতে মজুমদার ফাউন্ডেশন বিরিয়ানি বিতরণ

নিউইয়র্কে আর্ত মানবতার সেবাদানকারী প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশন এবার ভিন্নভাবে থ্যাংকস গিভিং ডে উদ্যাপন করেছে।
সংগঠনটি গত ২৮ নভেম্বর ব্রঙ্কসের একটি চার্চ ও একটি শেল্টারে বিরিয়ানি বিতরণের মাধ্যমে এ ঐতিহ্যবাহী দিবসটি উদ্যাপন করেছে।
আমেরিকার সর্বজনীন সামাজিক-সাংস্কৃতিক উৎসব থ্যাংকস গিভিং ডে। টার্কি ভোজ থ্যাংকস গিভিং ডের অন্যতম অনুষঙ্গ। আমেরিকানদের কাছে খুবই জনপ্রিয় খাবার এটি। স্বজনদের সঙ্গে টার্কি ভোজের মাধ্যমে দিবসটি উদ্যাপন করা ঐতিহ্যের অংশ।
মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার ও অ্যাটর্নি এইচ ব্রুশ ফিসার সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই দিন বেলা ১১টায় বিরিয়ানি বিতরণ করেন।
ফাউন্ডেশনের পরিচালক রাশেদ মজুমদারের পরিচালনায় এ সময় মোহাম্মদ এন মজুমদার, অ্যাটর্নি এইচ ব্রুশ ফিসার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটি বোর্ডের ডিস্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভারা, কমিউনিটি অ্যাকটিভিস্ট সারাহ, নাহিদ খান, মোজাফফর হোসেন, এ ইসলাম মামুন, আবুল খায়ের আকন্দ প্রমুখ।
পরে মোহাম্মদ এন মজুমদার ও অ্যাটর্নি এইচ ব্রুশ ফিসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিরিয়ানির প্যাকেট ব্রঙ্কসের একটি চার্চের নির্বাহীর হাতে তুলে দেন। এরপর তাঁরা ব্রঙ্কসের একটি শেল্টারেও একইভাবে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন।
মোহাম্মদ এন মজুমদার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জীবিত হয়ে মজুমদার ফাউন্ডেশন বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করেছে টার্কি বিরিয়ানির প্যাকেট। অভিবাসনের দেশ আমেরিকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতির মিলিত উৎসব আনন্দের মাধ্যমে যে থ্যাংকস গিভিং ডে উদ্যাপিত হয় সে বিষয়টিকেই সামনে নিয়ে আসা হয় এ কর্মসূচির মাধ্যমে। মানুষে মানুষে সুসম্পর্ক সৃষ্টিতে এটি ভালো উদ্যোগ।
মোহাম্মদ এন মজুমদার বলেন, সমাজের পেছনে পড়ে থাকা জনগোষ্ঠীর দিকে তাকিয়ে দেখার জন্যও এ ধরনের কর্মসূচি আয়োজন একটি দৃষ্টান্ত। বিগত কয়েক বছর ধরে এ ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে সংগঠনটি।