থ্যাংকস গিভিং দিবস পালনে পিছিয়ে নেই বাংলাদেশিরাও

পরস্পরকে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে আমেরিকার প্রচলিত বার্ষিক মহোৎসব থ্যাংকস গিভিং ডে উদ্যাপিত হয়েছে। যুগ যুগ ধরে আমেরিকানদের লালন করা এই প্রথাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরাও শ্রদ্ধা আর আনন্দের সঙ্গে পালন করে থাকেন।
থ্যাংকস গিভিং ডে এবং টার্কি নামের মোরগ ভোজন বলা চলে প্রায় সম্পূরক একটি ধারণা। বাংলাদেশিরাও নিজেদের মতো করে এই থ্যাংকস গিভিং উদ্যাপনে পিছিয়ে ছিলেন না। দিনটি উদ্যাপন উপলক্ষে সপ্তাহখানেক আগে থেকে আমেরিকায় বসবাসকারী সব পরিবারই প্রস্তুতি নিতে শুরু করে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে থাকেন এবং অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করেন। কারণ, টার্কি বিক্রি হয় ওজনের ভিত্তিতে। ২৫ থেকে ৩০ পাউন্ডের একটি টার্কি ৪০–৫০ জনের ভোজনের জন্য যথেষ্ট। টার্কি ভোজনের সঙ্গে নিয়মানুযায়ী ম্যাশ-পটেটো, গ্র্যাভি, স্ট্যাপিং, পেস্তা, মেকারনি চিজসহ নানা খাবার থাকে ভোজন তালিকায়। কিন্তু বাংলাদেশি কিংবা দক্ষিণ এশীয়রা টার্কিকে আমাদের দেশীয় প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের মসলা দিয়েই রান্না করেন। টার্কি নামের মোরগটিতে দই মিশিয়ে ২৪ ঘণ্টা আগেই রান্নার জন্য প্রস্তুত করতে থাকেন, সেটা অনেক সুস্বাদু হয়। সাধারণত টার্কির মাংস একটু শক্ত ও রুক্ষ হয়। ভোজনের আগে দেশীয় বিভিন্ন ধরনের মাছ-মাংসের তরকারি রাখা হয়। দেশীয় আমেজে টার্কি ভোজনে বিভিন্ন ধরনের মিষ্টিমুখ দিয়েও টার্কি পার্টিকে জমিয়ে রাখতে পছন্দ করেন বাংলাদেশি বা এশীয়রা।
থ্যাংকস গিভিং দিবস আমেরিকার অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসের একটি। এ দিবসের সপ্তাহখানেক আগে থেকেই প্রতিটি নিম্ন আয়ের পরিবারগুলোকে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠান বিনা মূল্যে টার্কি এবং টার্কি প্রস্তুতের যাবতীয় উপকরণ সরবরাহ করে থাকে। আমেরিকার সব কারাগারেও এই দিবসে টার্কি বিতরণ করা হয়। এ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সেনাশিবির দূতাবাসও ঝলমলে উৎসবে মুখরিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পাঠিয়েছেন টার্কি উৎসবের ছবি ও আনন্দের বার্তা। রাতভর রেস্টুরেন্ট ও বারে চলে ডিনার পার্টি, ড্যান্স পার্টি, ককটেল পার্টির আয়োজন। আড্ডায় আড্ডায় মুখরিত সর্বত্র। একে অন্যকে আলিঙ্গন করে বলে হ্যাপি থ্যাংকস গিভিং।
মূলত থ্যাংকস গিভিং আমেরিকান উৎসব হলেও বাংলাদেশিরা এটিকে নিজেদের মতো করেই পালন করেছেন। অভিবাসী হলেও নিজেদের সংস্কৃতির সঙ্গে সঙ্গে আমেরিকার প্রতিটি উৎসব এবং জাতীয় রেওয়াজ পালনে বাংলাদেশিরা অনেক শ্রদ্ধাশীল।
এদিকে ২৩ নভেম্বর থ্যাংকস গিভিং ডের আমেজ কাটতে না কাটতেই শুরু হলো ব্ল্যাক ফ্রাইডে। বছরের দিনটির জন্য অপেক্ষায় থাকেন আমেরিকার মানুষ। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মালিকেরা তাঁদের ব্যবসায়িক কৌশলের স্বার্থে অনেক পণ্যেরই ৭০ থেকে ৮০ শতাংশ ছাড় দেন। কারণ, নববর্ষকে সামনে রেখেই বিদায়ী সালের বেশির ভাগ পণ্যের বিক্রির কৌশলগত প্রক্রিয়ায় আমেরিকার সর্বত্র পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে।
বিশেষজ্ঞদের মতে, ব্যবসায়ীদের এটি একটি সুচিন্তার ফসল। কোটি কোটি ডলার আয় হয় ব্ল্যাক ফ্রাইডেতে। এতে কর আদায়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারও লাভবান হয়। ২৪ নভেম্বর প্রতিটি মলে ছিল জনতার উপচেপড়া ভিড়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে স্টোরে প্রবেশ করতে হয়। কাঙ্ক্ষিত পণ্যগুলো কেনার পর বিল পরিশোধে ক্যাশিয়ারের লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। আমেরিকানসহ এ দেশে বসবাসরত সব অভিবাসীই সাধ্যমতো ও চাহিদানুযায়ী ব্ল্যাক ফ্রাইডের মূল্যহ্রাসের সুবিধা নেন।
ব্ল্যাক ফ্রাইডে শেষ হতে না হতেই আসছে ‘সোমবার সাইবার মানডে’, যা ব্ল্যাক ফ্রাইডের চেয়েও বেশি লাভজনক। ইন্টারনেটের অনলাইন পদ্ধতিতে বেচাকেনা চলবে। এই দিবসে ছাড় থাকবে, বিশেষত ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে।