থ্যাংকসগিভিং ডে'র ছুটিতে বাফেলোয় কনস্যুলেট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী কনস্যুলার সেবায় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা
দিনব্যাপী কনস্যুলার সেবায় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে নায়াগ্রা জলপ্রপাতের নিকটবর্তী শহর বাফেলোতে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে এই সেবা কার্যক্রম চলে।
থ্যাংকসগিভিং ডে-তে আমেরিকায় ছুটি থাকায় বাফেলো ও পার্শ্ববর্তী শহরগুলোতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকেরা তাদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পেয়ে খুশি। বাফেলো শহরে বাংলাদেশি-আমেরিকান নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
দুই দিনব্যাপী এই কনস্যুলার ক্যাম্পে প্রায় ৫০০ বাংলাদেশি আমেরিকান নাগরিক নানা কনস্যুলেট সেবা গ্রহণ করেন। সেবাগুলোর মধ্যে ছিল এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট), এনভিআর (নো ভিসা রিকোয়ার্ড) এনডোর্সমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, ডিএনসি (ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট), টিপি (ট্রাভেল ডকুমেন্ট), জন্ম সনদ, এলাইভ সার্টিফিকেট এবং অন্যান্য।
বাংলাদেশ সোসাইটি অব বাফেলো নিউইয়র্ক ইন্‌কের সহযোগিতায় আয়োজিত কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় প্রবাসী কমিউনিটি নেতারা সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও বাফেলোতে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করায় কনসাল জেনারেলসহ তাঁর দলের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রবাসী সেবা প্রার্থীসহ আয়োজকদের কনস্যুলার সেবা পরিচালনায় সহযোগিতা দেওয়ায় ধন্যবাদ জানান। এ সময় তিনি কনস্যুলার সেবা ও কল্যাণ নিশ্চিতকরণে দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে বলেন, প্রবাসে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে বাংলাদেশি আমেরিকান নাগরিকদের আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাফেলো বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করে ‘মুজিব বর্ষে’ সেমিনার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ায় বাফেলোয় বসবাসরত প্রবাসীদ বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের আহ্বান জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
এ ছাড়া কনসাল জেনারেল থ্যাংকসগিভিং ডে উপলক্ষে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশি-আমেরিকান ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি অনুশীলনে সংযুক্ত রেখে মাদক, উগ্রবাদ ও অন্যান্য অপশক্তির ভয়াবহ ছোবলের হাত থেকে রক্ষার লক্ষ্যে সচেতন থাকার জন্য অভিভাবকদের তিনি বিশেষভাবে অনুরোধ জানান।
এ সময় কনস্যুলেটের কাউন্সেলর চৌধুরী সুলতানা পারভীন, পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. শামীম হোসেন প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।