থ্যাংকসগিভিংয়ের অবকাশ
তুষারপাত থামার তেমন লক্ষণ নেই। গাড়ি নিয়ে টিনাকে স্টেশনে নামিয়ে দেব বলে একটু আগেও ভেবেছিলাম। পরে কাজে যাব। আইস রেইন হচ্ছে। এ রকম বৈরী আবহাওয়ায় গাড়ি বের করা কি বুদ্ধিমানের কাজ? বাসার কাছেই সাবওয়ে। বললাম, ‘আম্মু, আমরা ট্রেনে করেই পেন স্টেশনে যাই।’
‘ওকে’, টিনা জবাব দিল।
আমাকে না গেলেও চলত। কিন্তু সঙ্গে লাগেজ এবং ব্যাকপ্যাক অনেক ভারী। নিকোল টিনার বান্ধবী, খুব স্মার্ট। রাতেই বাসের টিকিট ক্যানসেল করে দুজনের জন্য Amtrak-এর টিকিট কেটে ফেলেছে। মুহূর্তে সিদ্ধান্ত নিতে তার জুড়ি নেই। আলবেনি থেকে মেগাবাসে দুজন একসঙ্গে আসবে এমন কথা ছিল। হঠাৎ করেই থ্যাংকসগিভিংয়ের অবকাশে দুদিন আগে নিকোল অ্যাডিরনডাক কোম্পানির বাসে নিউইয়র্কে চলে আসে। টিনাও অ্যাডিরনডাক বাসে আসত। ওর জন্যই চেঞ্জ করেছিল।
সাড়ে চারটায় আলবেনি থেকে মেগাবাসে রওনা হওয়ার কথা। সন্ধ্যায় কল, ‘আব্বু আমাদের বাস আসেনি। ফোনে আটটার বাসে হয়তো আসতে পারব।’
-ওকে, তোমাকে আমি নিয়ে আসব। চিন্তা কর না।
সেদিন রাত বারোটায় ম্যানহাটন থেকে নিয়ে আসি মেয়েকে। শীতের রাত। আমি যাওয়ার আগ পর্যন্ত সেভেন্থ অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল। খুব টেনশনে ছিলাম। এমন মানসিক ধকল এখন গায়ে সওয়া হয়ে গেছে। ছেলেমেয়েদের এসব ব্রেনে ঢোকে না। এমনকি কোনো ভয়টয়ও নেই তাদের।
নিকোলের মা অ্যাটর্নি। বাবা রিয়েল স্টেট ব্যবসায়ী। মেয়ের জন্য টাকা-পয়সার কোনো কার্পণ্য নেই। এসব টিনার কথা থেকে বোঝা গেল। যেদিন সাদা চামড়ার এই মেয়েটা রুমমেট হয়ে আসে, সেদিনই সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ক্যামেলার জায়গায় নিকোল এসেছে। দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য একেবারে উল্টো। অনেক ডিপ্লোমেসি করে টিচারের সহায়তায় তারা ক্যামেলাকে সরিয়েছে। ক্যামেলা সবার ওপর খবরদারি করতে চাইত; অথচ টিনাই তাকে নিয়ে এসেছিল। অন্যরা তাকে চিনত না। হাইস্কুলের অন্তরঙ্গ বন্ধু ছিল। খুব মনে পড়ে ওর বার্থডেতে টিনাকে একদিন নিয়েও গিয়েছিলাম। হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেছে। টিনাদের সঙ্গে একদমই মানাত না।
নিকোল ব্রুকলিনের পশ নেইবারহুডে থেকে এসেছে। পড়াশোনা শেষে অবহেলিত শিশুদের জন্য জীবন উৎসর্গ করবে। চমৎকার মেয়ে। অসাধারণ স্বপ্ন।
টিনারা চারজন। কেউ বায়োমেডিক্যাল, কেউ সোসিওলজি এবং টিনা কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী। কিচেনে গেলে তাদের গল্পের শেষ নেই। টিনা রাঁধতে জানে না; শুধু পাস্তা বানাতে পারে। ওর বন্ধুরা রান্নার কায়দা শিখিয়ে দেয়। বেশির ভাগই স্যান্ডউইচ, সিদ্ধ ভেজিটেবল ও রাইস কুকারে ভাত রান্না। অন্য সময় অর্ডার করে খাবার নিয়ে আসে অথবা দল বেঁধে খেতে যায়।
খাবার টেবিলে বসে টিনা আমাকে আর তার মাকে বন্ধুদের সব গল্প বলছিল। তাই তাদের হাঁড়ির খবর কিছুটা পেয়ে যাই। চাইনিজ মেয়েটি কম কথা বলে। ডেনিয়েলা সাদা চামড়ার, তবে স্প্যানিশ অরিজিন। সেও অসাধারণ স্মার্ট ও বিউটিফুল। টিনা বলে, ‘আব্বু তুমি ওদের সবার সঙ্গে কথা বলেছ; এক্সেপ্ট নিকোল। সে খুব এক্সেপশনাল পারসোনালিটি এবং অদ্ভুত সুন্দর। আমি এদের কাছ থেকে অনেক শিখছি। দে আর মাই বেস্ট ফ্রেন্ডস। আমি তো এখন অনেক স্মার্ট, আব্বু।’
টিনার কথায় আমার মনটা ভরে যায়। পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেশি ওর। ডরমে (হল) দিয়ে দুশ্চিন্তায় ছিলাম। অনেকেই বলেছিলেন, ‘কেন মেয়েকে দূরে দিলেন? নিউইয়র্কে কি কলেজ ছিল না?’ আসলে মেয়ের সঙ্গে ছেলেদের মতো কঠিন হওয়া যায়নি। ওদের প্রতি খুব স্ট্রিক্ট ছিলাম। তবুও তারা অনেক দূরে ডরমে থেকে পড়াশোনা করেছে। হয়তো সেই জন্য ছেলেরা এখন দূরে দূরে থাকতে পছন্দ করে। মেয়েটি ব্যতিক্রম, আমাদের কত সুন্দর করে বোঝায়। থ্যাংকসগিভিংয়ের দিন লং আইল্যান্ডের একটা বড় আউটলেটসে নিয়ে গেল। প্রথম না করেছিলাম। ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করতে চায়। বিকেলে প্রায় এক ঘণ্টা লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করে গিয়ে পৌঁছাই। প্রচণ্ড ভিড়। আমেরিকানরা সব সময়ই হলিডেতে প্রচুর কেনাকাটা করে।
থ্যাংকস গিভিং তো অনেক বড় হলিডে। আমাদের ঈদুল ফিতরের মতো। প্রতিটি ঘরে বিরাট ভোজের আয়োজন। টার্কির সঙ্গে থাকে অনেক রকমের খাবার। আমরা অভিবাসীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাড়িতে বাড়িতে বিরাট পার্টির আয়োজন করি। তবে নিজেদের মতো করে। অনেকে ক্যানবেরি সস, ম্যাশ পটেটো আরও অনেক আইটেমের কথা ভুলেই যাই। সাইড ডিশগুলো তেমন দেখা যায় না। তাতে কি? এই দিনে খুব আনন্দ হয়। পরদিন ব্ল্যাক ফ্রাইডে। বড় বড় মল ও ব্র্যান্ডের স্টোরগুলোতে উপচে পড়া ভিড়। কোনো কোনো জিনিস নামমাত্র মূল্যে বিক্রির অফার দেওয়া হয়। সারা আমেরিকা ছুটির আনন্দে মেতে ওঠে। এমনও হয়েছে, স্ট্যামপিতে মানুষ মারা গেছে। মধ্যে রাত থেকে কাঁথা বালিশ নিয়ে শীতের মধ্যে বিশাল লাইন। মলের দরজা খুলতেই সবাই হুড়মুড়। এই তো কয়েক বছর আগে সম্ভবত লং আইল্যান্ডের এক মলে ওয়ালমার্টে মানুষ মারা গেল। তাই এই দিনে শপিং এড়িয়ে চলি। আজ এলাম।
টেঙার আউটলেটস, ডিয়ার পার্ক। এখানে আগে আসা হয়নি। উডবেরি আউটলেটসে অনেকবার গিয়েছি। টিনা বার্থডে গিফট দিতে আমার ও তার মায়ের জন্য অনেক কিনল। ব্র্যান্ডের পোশাকগুলো আমারও খুব পছন্দ। মা ও নিজের জন্য নিয়েছে মাইকেল কোরের ব্যাগ; এত দামি! কিন্তু কিনেই ফেলল; স্টাডি ওয়ার্কে পাওয়া টাকা সব খরচা। ভাইদের কাছ থেকেও মাঝেমধ্যে চেয়ে নেয়। তারা থাকে অনেক দূরে। একজন লস অ্যাঞ্জেলেসে, আরেকজন সিয়াটলে। আমার কাছ থেকে কিছু নিতে চায় না। বলে, ‘তোমার পয়সা নেই। তুমি এখন কাজ করতে পার না।’ বিষয়গুলো এখন উল্টো; আগে আমি কিনতাম। সে যা হোক, কেনাকাটা করে ফিরতে অনেক রাত হয়ে যায় সেদিন।
খুব ভাবনায় ছিলাম, সময় মতো পৌঁছাতে পারব কিনা। সাবওয়েতে ঢুকেই প্রথম ট্রেনটি মিস করলাম। এটুকু পথ হেঁটে আসতে হাত-পা বরফে একেবারে জমে গেছে। অ্যাস্টোরিয়া ব্রডওয়ে সাবওয়ে স্টেশন মাত্র পার হলো; হাতে পঁয়তাল্লিশ মিনিট। পেন স্টেশনে যেতে গেলে টাইমস স্কয়ারে N-ট্রেন চেঞ্জ করে ১,২,৩—যেকোনো একটা ট্রেন নিতে হবে। এখানেই অতিরিক্ত পাঁচ-সাত মিনিট চলে যাবে। আমাদের আরও আগে বের হওয়া উচিত ছিল, মেয়েকে বললাম।
টিনাকে কি শেষ পর্যন্ত একা আলবেনি যেতে হবে? যদি ট্রেন মিস হয়। ক্যাম্পাসের ভেতরে বাসের স্টপেজ আছে। কিন্তু Amtrak-ট্রেন স্টেশন ওদের অ্যাপার্টমেন্ট থেকে দশ-পনেরো মিনিটের ড্রাইভ। শহরের মধ্যখানে। নিউইয়র্ক থেকে ৩টা ৪৯ মিনিটে ছাড়বে। পৌঁছাতে লাগবে প্রায় রাত ৮টা। তুষার ঝড়ের এই রাত, কত বিপদ হতে পারে। এমট্রাকে যাচ্ছে, তাই ভয় নেই। এমট্রাকের জার্নিটা বিলাসবহুল ও আরামদায়ক। কত দিন কল্পনা করেছি, আমরা Amtrak চড়ে সারা আমেরিকা ঘুরব; ঘোরা হয়নি। কাজের পেছনে ছুটতে ছুটতে আর সময় হলো না। অনেক বছর আগে নিউইয়র্ক থেকে শিকাগো ড্রাইভ করেই গিয়েছিলাম সবাইকে নিয়ে। ফ্লোরিডায়ও ড্রাইভ করে অথবা প্লেনে গিয়েছি। টিনাদের ট্রেনটি যাবে শিকাগো। পথে আলবেনি, বাফেলো স্টপেজগুলোতে মিনিটখানেক থামবে। এঁকেবেঁকে পাহাড় ডিঙিয়ে ট্রেনটি আমেরিকার বুক চিরে একের পর এক শহর পাড়ি দিয়ে তুষার ঝড়ে হারিয়ে যাবে। সময়মতো ট্রেন থেকে নামতে পারবে তো?
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বলেছিলাম, নিউইয়র্কে কলেজে গেলে হয় না? উল্টো উইসকনসিন মেডিসন স্টেট ইউনিভার্সিটিতে যেতে চেয়েছিল। তাহলে আজকে কি অবস্থা দাঁড়াত! এই ওয়েদারে শিকাগো থেকে প্লেনে আসতে হতো। ভাবতে গেলেও ভয় হয়। বলে কয়ে, বুঝিয়ে কাছাকাছি স্টেট ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত ঠিক হলো। এখন ইচ্ছে হলে আমি নিজেই ড্রাইভ করে নিয়ে যেতে পারি। আজকে আলবেনিতে দুই ফুট স্নো পড়েছে। সেই তুলনায় নিউইয়র্কে অনেক কম। তবুও ড্রাইভ করে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। টিভিতে দেখলাম আপস্টেটে দুপুরের পর থেকে আড়াই শ-এর মতো দুর্ঘটনা হয়েছে। আলবেনির চারপাশের অবস্থা খুব নাজুক। গভর্নরের নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয় গাড়ি বের করা যাবে না। নিউইয়র্ক থেকে বেশির ভাগ বাস ইতিমধ্যে তাদের যাত্রা বাতিল করে দিয়েছে। নিকোলকে মনে মনে অনেক ধন্যবাদ দিলাম। খুব বুদ্ধিমান মেয়ে।
টিনা এই সিদ্ধান্ত নিতে পারত না। রোববার বিকেলে যাওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে বাস কর্তৃপক্ষ সূচি পরিবর্তন করে আজ সোমবার ভোরবেলা ঠিক করেছিল। এত সকালে তাদের যাওয়া সম্ভব ছিল না। নিকোল সঙ্গে সঙ্গে অনলাইনে এমট্রাকের টিকিট কেটে ফেলে।
অবশেষে আমরা পেন স্টেশনে পৌঁছালাম। তখনো ২৫ মিনিট বাকি। নিকোলকে খুঁজে বের করতে হবে। এত বড় স্টেশন। হাজারো মানুষের ভিড়। মেডিসন স্কয়ার গার্ডেনের নিচে অনেকগুলো ফ্লোরে রেললাইন মাকড়সার জালের মতো বিছিয়ে আছে। আমরা ভুলবশত লং আইল্যান্ড রেলওয়ের ফ্লোরে চলে এসেছি। নিকোলের কলে ওপরের তলায় যাই। ডানকিন ডোনাটের সামনে নিকোল কফি হাতে অপেক্ষা করছিল। তার বসন-ভূষণ আর ভঙ্গিমায় আভিজাত্য। কথা বলে দারুণভাবে। মনে মনে আমি মেয়ের বন্ধু বাছাইয়ের প্রশংসা না করে পারলাম না। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আমাকেও হাত নেড়ে ডাকল। থ্যাংকসগিভিং কেমন গেল জানতে চাইলাম। উত্তরে বলল, ‘পরিবারের সঙ্গে দারুণ কাটিয়েছি।’
বিশাল লাইন। ওদের ট্রেন প্রথমে আলবেনি, তারপর বাফেলো এবং শেষে শিকাগো যাবে। কীভাবে দশ-পনেরো মিনিটের মধ্যে এত মানুষ ট্রেনে চড়বে, ভাবতে লাগলাম।
না কোনো, সমস্যা হলো না। টিনা ও নিকোলকে হাত নাড়িয়ে বিদায় জানালাম। চোখের পলকে ওরা অদৃশ্য হয়ে গেল।
মুহূর্তে মনটা শূন্যতায় ভরে যায়। মনে পড়ে, আমিও একসময় ঈদের অফিস ছুটিতে এমনি করে ঢাকা থেকে পারাবত ট্রেনে করে আসা-যাওয়া করতাম। আব্বা আম্মা চেয়ে থাকতেন পথপানে। বিআইডব্লিউটিএর চাকরি ছেড়ে চলে এলাম ত্রিশ বছর হলো। দিনগুলো কত দ্রুত চলে গেল।
মেডিসন স্কয়ার গার্ডেনের নিচে এই বিশাল ট্রেন স্টেশনের কোলাহলে কখন যে নিজেকে অতীতে হারিয়ে ফেলেছিলাম। এই তিন-চার দিন রুটিনমাফিক দিনগুলো আমাদের বদলে গিয়েছিল। মেয়ের সান্নিধ্য পাওয়ার আশায় ইচ্ছে করে কাজেও যাইনি। আজও যাওয়া হলো না।