দ. কোরিয়ায় 'থাড' বসাচ্ছে যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রথম অংশ মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এটি দ্য টার্মিনাল হাই-অলটিচুড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড নামে পরিচিত, যা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় সহযোগিতা করবে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত এই প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া চারটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার এক দিন পর যুক্তরাষ্ট্র এই প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের কাজ শুরু করল।
চীনের পররাষ্ট্র মুখপাত্র গেং শুয়াং আজ মঙ্গলবার বলেছেন, চীন এ স্থাপনার কঠোর বিরোধিতা করছে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, থাড স্থাপনের লক্ষ্যে গতকাল সোমবার থেকে কাজ শুরু হয়েছে। কিছু যন্ত্রাংশ উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে এ পদ্ধতির জন্য দক্ষিণ কোরিয়ায় ‘প্রাথমিক সরঞ্জাম’ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।