দ.এশিয়া ও আফগানিস্তান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজ ২১ আগস্ট। আমেরিকার স্থানীয় সময় রাত ৯টায় তিনি হোয়াইট হাউস থেকে কয়েক মাইল দূরের ফোর্ট মেয়ার সামরিক ঘাঁটি থেকে আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার বিষয়ে মার্কিন নীতি ঘোষণা করবেন বলে ২০ আগস্ট জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, গুরুত্বপূর্ণ এ বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধির ঘোষণা দেবেন। বর্তমানে দেশটিতে আট হাজার ৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে আরও চার হাজার সেনা যোগ করার ঘোষণা আসতে পারে তার বক্তব্যে। এ নিয়ে এরই মধ্যে অবকাশকালেই ক্যাম্প ডেভিডে সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে বাড়তি সেনা মোতায়েনের বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ২০ আগস্ট সাংবাদিকদের এ বিষয়ে প্রাথমিক কিছু ধারণা দেন। তিনি জানিয়েছেন, বাড়তি ৪ হাজার সেনা মোতায়েন ও আফগান সরকারের কাছ থেকে বাড়তি আর্থিক অংশগ্রহণ চাওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সবিস্তার ঘোষণা দেবেন প্রেসিডেন্টই।
জাতির উদ্দেশে প্রেসিডেন্টের বক্তব্যে সম্ভাব্য বিষয়বস্তু সম্পর্কে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প তাঁর প্রাইম টাইমে দেওয়া বক্তব্যে উত্তর কোরিয়া সম্পর্কেও কথা বলবেন। এ ছাড়া উঠে আসবে দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন নীতির প্রসঙ্গও।
স্টিভ ব্যাননের পদত্যাগ, শার্লটসভিলের সহিংসতাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় ট্রাম্প প্রশাসন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ছাড়া ট্রাম্পের দীর্ঘ অবকাশ নিয়েও হয় ব্যাপক সমালোচনা। এ অবস্থায় ট্রাম্পের এ ভাষণের দিকে তাকিয়ে শুধু আমেরিকানরাই নন, আছেন সবাই।