দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

২০ আগস্ট হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আজ সোমবার রাতের প্রাইম টাইমে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভার্জিনিয়ার আর্লিংটনের ফোর্ট মেয়ার থেকে ট্রাম্পের সরাসরি এই বক্তৃতা দেওয়ার কথা।

হোয়াইট হাউস থেকে জানানো হয়, আফগানিস্তান ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার সম্পৃক্ততা, অগ্রযাত্রার বিষয়ে প্রেসিডেন্ট জাতিকে অবহিত করবেন।

মার্কিন সংবাদমাধ্যম বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প আফগানিস্তানে সেনা বৃদ্ধির ঘোষণা দিতে পারেন।

বর্তমানে আফগানিস্তানে মোতায়েন ৮ হাজার ৪০০ মার্কিন সেনার সঙ্গে আরও চার হাজার সেনা যোগ করার ঘোষণা দিতে পারেন ট্রাম্প। বিষয়টি নিয়ে ট্রাম্প তাঁর সামরিক উপদেষ্টাদের সঙ্গে সলাপরামর্শ করে আসছেন। গত শুক্রবার ক্যাম্প ডেভিডে তিনি সভাও করেছেন।

ট্রাম্পের ঘোষণার বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে খুব অল্প কথা বলেছেন। জর্ডান যাত্রার পথে তিনি সংবাদমাধ্যমকে বলেন, বিস্তারিত ঘোষণা প্রেসিডেন্টের মুখ থেকে আসাই ভালো।

হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রাইম টাইমের ভাষণে উত্তর কোরিয়া নিয়েও বলবেন।

পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে। দুই দেশ পরস্পরকে পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে। চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের ভালো যাচ্ছে না।

বিদ্যমান পরিস্থিতি প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রাইম টাইম বক্তৃতায় কী বলবেন, কী ঘোষণা দেবেন, তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষের মধ্যে কৌতূহল রয়েছে।