দক্ষিণ কোরিয়ার পাশে থাকবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিউলে জেমস ম্যাটিস
সিউলে জেমস ম্যাটিস

প্রতিবেশী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। গতকাল বৃহস্পতিবার সিউলে তিনি বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র মিত্র দক্ষিণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এটাই ম্যাটিসের প্রথম বিদেশ সফর।
উত্তর কোরিয়া হয়তো নতুন ব্যালিস্টিক ক্ষেপণাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এমন উদ্বেগের প্রেক্ষাপটে জেমস ম্যাটিস দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় গেলেন। কমিউনিস্ট উত্তর কোরিয়া সত্যিই পরীক্ষাটি করলে তা হতে পারে ট্রাম্প প্রশাসনের প্রতি একটি আগাম চ্যালেঞ্জ।
নির্বাচনী প্রচারণায় প্রতিরক্ষা সহায়তাসহ দুই দেশের মৈত্রীর কিছু বিষয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছিলেন। তাঁর বিবেচনায় ম্যাটিসের সফর দৃশ্যত দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করার চেষ্টা।
ম্যাটিস দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী তথা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো-আনের সঙ্গে আলোচনায় সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেন। সিউলে হোয়াং কিয়ো-আনের সঙ্গে আলোচনার পর ম্যাটিস বলেন, ‘এ মুহূর্তে আমাদের দুই দেশের সামনে উপস্থিত ঝুঁকির বাস্তবতা মোকাবিলা করতে হবে।’ দক্ষিণ কোরীয় নেতা অবরোধ জোরদার এবং শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তোলার মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান।
সিউলে অবতরণের আগে ম্যাটিস সাংবাদিকদের বলেছিলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন তিনি। সেই সঙ্গে দেশটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর সরকারের। ম্যাটিস আরও বলেন, ‘আমি তাঁদের (দক্ষিণ কোরিয়ার সরকার) সঙ্গে অবশ্যই থাড (টিএইচএএড) নিয়ে কথা বলব। এটি আমাদের মিত্র, আমাদের নিজেদের সেনাদের জন্য প্রতিরক্ষাব্যবস্থা।’
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলেছে, পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষমতার ফলে যে হুমকির সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় তারা থাড প্রতিরক্ষাব্যবস্থা চালু করতে চায়।