উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব
দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বসাচ্ছে যুক্তরাষ্ট্র

শেষ পর্যন্ত মিত্র দক্ষিণ কোরিয়ায় আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’ স্থাপনের কাজ শুরু করল যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট উত্তর কোরিয়া জাপানের সমুদ্রসীমা অভিমুখে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরদিন গতকাল মঙ্গলবার এ কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
‘থাড’ হচ্ছে ‘টার্মিনাল হাই-অলটিচিউড এরিয়া ডিফেন্স’ কথাটির সংক্ষেপ, যা শত্রু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার একটি ব্যবস্থা।
দক্ষিণ কোরিয়ায় আগে থেকেই এ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করে আসা চীন গতকাল এর নিন্দা করে বলেছে, তারা ‘নিজেদের সুরক্ষায় অটল’ থাকবে।
উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি থেকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সুরক্ষা নিশ্চিত করাই থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থাড স্থাপনের কাজ শুরু করায় চীনসহ এ অঞ্চলের অনেকেই অসন্তুষ্ট বা উদ্বিগ্ন। চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, বেইজিং এর বিরোধিতায় অটল রয়েছে। চীনের আশঙ্কা, সীমান্তের অদূরে থাড প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করা হলে তার নিজস্ব সামরিক সামর্থ্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট হবে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বলছে, থাডের একটি ‘ব্যাটারি’ স্থাপনের কাজ গত সোমবার শুরু হয়েছে। এর কয়েকটি অংশ যুক্তরাষ্ট্র থেকে আকাশপথে এনে সিউলের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে রাখা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীও এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ বলেছে, থাড আগামী মাসের মধ্যেই সক্রিয় হতে পারে।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিনায়ক অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বলেন, উত্তর কোরিয়ার ‘অব্যাহত উসকানিমূলক তৎপরতার’ জবাবে তাঁরা দক্ষিণ কোরিয়ায় থাড স্থাপনের কাজ শুরু করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ফোনে কথা বলেছেন। ফোনালাপের পর আবে বলেন, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উসকানিমূলক। উত্তর কোরিয়ার হুমকি নতুন মাত্রায় প্রবেশ করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ নিয়ে আলোচনার জন্য আজ বুধবার এক জরুরি বৈঠক ডেকেছে।
উত্তর কোরিয়া গতকাল বলেছে, তারা জাপানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার লক্ষ্যে প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
যে কারণে বিতর্কিত থাড
দক্ষিণ কোরিয়ারই অনেকে মনে করেন, থাড নামের সুরক্ষাব্যবস্থা নিজেই একটি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এতে আশপাশের বাসিন্দারা ঝুঁকির মধ্যে থাকবেন। এ কারণে দক্ষিণ কোরিয়ায়ই থাডবিরোধী বিক্ষোভ হয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া এটি স্থাপনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। মস্কো ও বেইজিংয়ের আশঙ্কা, এই সুরক্ষাব্যবস্থার রাডারের নজরদারির আওতা তাদের দেশের গভীরে পৌঁছাতে পারে। গত বছর চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা বেইজিংয়ের কৌশলগত নিরাপত্তাস্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে।