দক্ষিণ চীন সাগর নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ইস্যুতে গতকাল রোববার আরেক দফা বাগ্যুদ্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। ওই সাগরের আকাশে বিদেশি বিমানের চলাচল নিয়ন্ত্রণে চীনের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) স্থাপনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এর কিছু সময় আগেই চীনের নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টারের ‘উসকানির’ সমালোচনা করে বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে কোনো ধরনের ‘উত্তেজনাকে’ তাঁরা ভয় করেন না।
চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-চীন সংলাপের প্রাক্কালে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের এ মন্তব্য এল।
শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, দক্ষিণ চীন সাগরে সেনাবহর মোতায়েন ও কৃত্রিম দ্বীপে সামরিক স্থাপনা বাড়িয়ে চীন নিজের চারপাশে বিচ্ছিন্নতার ‘মহাপ্রাচীর’ তৈরি করছে। এটি বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ‘ব্যবস্থা নেবে’। এর প্রতিক্রিয়ায় পরদিনই চীনের অ্যাডমিরাল সান জিয়াংগুয়ো সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় নিরাপত্তা সম্মেলনে বলেন, এই বিষয়ে বাইরের দেশগুলোর গঠনমূলক ভূমিকা নেওয়া উচিত। তাদের অন্য কোনো ভূমিকা রাখা উচিত নয়। নির্দিষ্ট কিছু দেশ তাদের হীন স্বার্থে এই অঞ্চলে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এ কারণে দক্ষিণ চীন সাগর ইস্যুটি চরম উত্তেজনাকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অ্যাডমিরাল সান জিয়াংগুয়ো চীনের সেনাবাহিনীর (পিএলএ) ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ।
চীনের অ্যাডমিরাল আরও বলেন, ‘আমরা উত্তেজনা সৃষ্টি করি না। তবে আমরা একে ভয়ও পাই না।’ তাঁর এ মন্তব্যের মধ্য দিয়ে গতকাল মতানৈক্য ছাড়াই শেষ হয় ওই নিরাপত্তা সম্মেলন।
চীনা অ্যাডমিরালের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। গতকাল চীনের প্রতিবেশী মঙ্গোলিয়া সফরকালে দেশটির রাজধানী উলান বাটোরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন এমন একটি অঞ্চলে চীনের এই সামরিক স্থাপনা নির্মাণকে ‘উসকানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ’ হিসেবে বিবেচনা করবে।
সম্প্রতি চীনের সামরিক সূত্রকে উদ্ধৃত করে হংকংয়ের এক পত্রিকার খবরে বলা হয়, পূর্ব চীন সাগরে ২০১৩ সালে প্রতিষ্ঠিত বিমান চলাচল নিয়ন্ত্রণ জোনের মতোই দক্ষিণ চীন সাগরেও আরেকটি জোন (এডিআইজেড) তৈরির চিন্তাভাবনা করছে দেশটি।
এডিআইজেড হলো ভূপৃষ্ঠ ও পানির ওপরের আকাশসীমা, যেখানে একটি দেশ তার জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি বেসামরিক বিমানের পরিচয় ও অবস্থান জানা এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের সঙ্গে সীমান্ত থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র রাষ্ট্র মঙ্গোলিয়া সফরে গিয়ে জন কেরি গতকাল আরও বলেন, এডিআইজেড জোন স্বয়ংক্রিয়ভাবেই উত্তেজনা বাড়াবে। এটি দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিতর্ক কূটনৈতিকভাবে শামাল দিতে চীনের প্রতিশ্রুতিকেও প্রশ্নের মুখে ফেলবে।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের দাবি সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের পুরোটাই দাবি করে আসছে চীন। এর প্রতিক্রিয়ায় চীনের দাবি করা শৈলশিরার কাছাকাছি যুদ্ধজাহাজ পাঠিয়ে বেইজিংকে ইতিমধ্যেই ক্ষুব্ধ করেছে ওয়াশিংটন। গত সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকাকে চীনের এক সেনাসূত্র বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে বেইজিংকে একটি এডিআইজেড ঘোষণার সুযোগ করে দেবে।
এর আগে গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত সমুদ্রসীমার দাবি করছে চীন। তাঁর ওই বক্তব্যকে চীন যুক্তরাষ্ট্রের ‘স্নায়ুযুদ্ধের সময়কার মানসিকতা’ বলে মন্তব্য করেছিল।