দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপে চীনের সামরিক কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস গতকাল শনিবার সিঙ্গাপুরে নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। ম্যাটিস বলেন, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীন কৃত্রিম দ্বীপ বানিয়েছে। সেখানে সামরিক স্থাপনা নির্মাণ ও অস্ত্র মোতায়েন করার খবরও প্রকাশিত হয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এ রুটে নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্রও।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই বেইজিং নিজেদের বলে দাবি করে। খনিজসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর সাগর অঞ্চলটিতে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়ারও দাবি রয়েছে।
সিঙ্গাপুরে বার্ষিক সাংগ্রি-লা ডায়ালগ ফোরামে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিতর্কিত জলসীমায় চীনের স্থাপিত কৃত্রিম দ্বীপে সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা করে মার্কিন প্রশাসন। কোনো রকমের একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপ মেনে নেওয়া হবে না।
দক্ষিণ চীন সাগর ঘিরে চীনের কর্মকাণ্ডের বিরোধিতা করলেও ম্যাটিস এ সময় উত্তর কোরিয়া ইস্যুতে বেইজিংয়ের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, পরমাণু নিরস্ত্রীকরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন পুনরায় প্রতিশ্রুতি দেওয়ায় ট্রাম্প প্রশাসন যথেষ্ট আশাবাদী।
জেমস ম্যাটিসের গতকালের বক্তব্যে দৃশ্যত ট্রাম্প প্রশাসনের কৌশলী অবস্থান আরেকবার পরিষ্কার হলো। ম্যাটিস বেইজিংকে এ স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ঠেকাতে একসঙ্গে কাজ করা ও সহযোগিতা চাওয়ার অর্থ এই নয় যে দক্ষিণ চীন সাগর নিয়ে কোনো ধরনের ছাড় দেবে না তারা।