দরজা খুলেই কুমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের এক পরিবারে এবার ইস্টার সানডেতে হাজির হয়েছিল অন্য রকম অনাহুত এক অতিথি। শব্দ শুনে দরজা খুলে বাইরে এসে দেখা যায়, অতিথি বা কোনো উপহার নয়, অপেক্ষা করছে আস্ত এক কুমির!
দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাসিন্দা স্টিভ পোলস্টন বাড়িতে পরিবারের সঙ্গে আরাম করছিলেন। এ সময় বাইরে তাঁরা একটি শব্দ শুনতে পান। স্টিভ ভেবেছিলেন, তাঁর মেয়ে বাইরে কিছু করছে। আর দোতলায় থাকা তাঁর মেয়ে ভেবেছিল আওয়াজটা করছেন তার মা। খোঁজ নিয়ে দেখা গেল, তারা বাসার ভেতরেই রয়েছে। স্টিভরা এবার ধারণা করলেন, হয় কোনো অতিথি, না হয় চোরটোর হবে। জানতে বাইরে এসে দেখা গেল বড়সড় ওই কুমিরকে।
যুক্তরাষ্ট্রে কুমিরের প্রজাতিটি পরিচিত অ্যালিগেটর নামে।
স্টিভ পোলস্টন একটি ওয়েব পোর্টালকে বলেন, ‘গাড়ি-বারান্দায় হাজির হওয়া প্রাণীটি ছিল নয় ফুট দৈর্ঘ্যের বিরাট এক অ্যালিগেটর।’
ওয়েব পোর্টালটি জানিয়েছে, কুমিরটি ১৫ ফুট উঁচু সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। তার পর একটি পর্দা ঠেলে দরজা দিয়ে দোতলায় চলে আসে। সরীসৃপটির বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো ভাবসাবই দেখা যাচ্ছিল না; বরং ক্রমশই একে আরও আক্রমণাত্মক দেখাচ্ছিল। পরে পোলস্টনের পরিবারের পক্ষ থেকে একজন বন্য প্রাণী ব্যবস্থাপনায় দক্ষ লোককে ডাকা হয়। তিনি এসে বলেন, কুমিরটি সম্ভবত ৬০ বছর বয়সী। স্থানীয় পোস্ট অ্যান্ড কুরিয়ার পত্রিকা জানিয়েছে, কয়েক ঘণ্টা পরেও যখন কুমিরটির চলে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল না, তখন বন্য প্রাণী বিভাগের লোকজন তাকে বিশেষ কৌশলে যন্ত্রণাহীনভাবে মেরে ফেলেন।