দরজায় অনাকাঙ্ক্ষিত ‘অতিথি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির দরজার সামনে ভালুক
ছবি: সংগৃহীত

উৎসবের দিন বাড়ির দরজায় কত অতিথিই না আসেন। তাই বলে একটি বড়সড় ভালুক যদি তার শাবক নিয়ে দরজার সামনে হাজির হয়, বন্ধ দরজা খোলার চেষ্টা করে, তাতে অবাক হতে হয়। অবাক করা এই ঘটনা ঘটেছে গত বড়দিনে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সানফোর্ড শহরে বসবাস করেন মার্লেন স্টার্ক। তাঁর বাড়ির দরজায় শাবকসহ হাজির হয়েছিল অনাকাঙ্ক্ষিত এই অতিথি। সংবাদমাধ্যমকে মার্লেন স্টার্ক বলেন, ‘বড়দিনের সকালে বাড়িতেই ছিলাম। হঠাৎ দরজায় লাগানো ক্যামেরাযুক্ত বেলটি আওয়াজ করে ওঠে। ভেবেছিলাম, উৎসবের দিনে হয়তো কোনো অতিথি এসেছেন।’

এই ভেবে দরজা খুলতে ছুটে গিয়েছিলেন মার্লেন স্টার্ক। এই নারী আরও বলেন, ‘দরজা খোলার আগমুহূর্তে বুঝতে পারি, ওপারে কোনো অতিথি নেই। বরং শাবকসহ বড়সড় একটি ভালুক দাঁড়িয়ে রয়েছে। শুধু তা–ই নয়, বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করছে।’ তৎক্ষণাৎ দরজার নব ঘুরিয়ে ভেতর থেকে তালা লাগিয়ে দেন তিনি।

মার্লেন স্টার্ক আরও বলেন, ‘দরজায় ক্যামেরা লাগানো না থাকলে বুঝতেই পারতাম না সেখানে ভালুক রয়েছে। দরজা খুলে দিলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।’ তিনি বলেন, ‘মা ভালুকটি দরজা খোলার চেষ্টা করছিল। আমার ধারণা ছিল না যে সেটি এই কাজে সফল হবে কি না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কপাল ভালো যে ভেতর থেকে তালা আটকে দিতে পেরেছিলাম।’

তবে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত এই অতিথি দরজা খুলতে সফল হয়নি। মার্লেন স্টার্কের প্রতিবেশীরা সড়কে নেমে এলে ভালুকটি শাবক নিয়ে পাশের বনে চলে যায়। মার্লেন স্টার্ক মজা করে বলেন, ‘আমি জানি না ভালুকটি আমার বাড়িতে কেন এসেছিল। হয়তো আমাদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে এসেছিল!’