
আটলান্টার ‘মনসুন মাসালা কিচেন অ্যান্ড সুইটস’-এ ৩ ডিসেম্বর স্বেচ্ছাসেবী সংস্থা অপটিমিস্টস্-এর সভা হয়। স্থানীয় পৃষ্ঠপোষক আবু হোসেন লিয়াকতের আয়োজনে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংস্থাটির স্থানীয় স্পন্সররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য বাংলাদেশে অপটিমিস্টস্-এর কর্মকাণ্ড ও কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য সভায় যোগ দেন। সভায় সংস্থাটির ভাইস চেয়ারম্যান মিনহাজ আহমদ, সদস্য সচিব শামীম আহমদ ও স্বেচ্ছাসেবক স্বপ্না আহমদ উপস্থিত ছিলেন।
সূচনা বক্তব্যে আবু হোসেন লিয়াকত অপটিমিস্টস্-এর কর্মকাণ্ডে তাঁর আগ্রহ ও আস্থার কারণ ব্যাখ্যা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পরপরই অপটিমিস্টস্-এর কাজ সম্পর্কে তিনটি প্রমাণ্য ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওগুলোতে বাংলাদেশের দরিদ্র অসহায় শিশুদের হতাশাজনক অবস্থা থেকে মুক্ত করার জন্য অপটিমিস্টস্ কী ভূমিকা রাখছে, সেটা প্রদর্শন করা হয়।
উপস্থিত স্থানীয় অপটিমিস্টস্ স্পন্সর ড. এমাদ আহমদ তাঁর বক্তৃতায় তিনি তাঁর এক মেধাবী সহপাঠীর কথা স্মরণ করে বলেন, শুধু দারিদ্র্যের কারণেই তাঁর সে সহপাঠী শিক্ষাজীবন অব্যাহত রাখতে পারেননি। তিনি বলেন, এরকম দরিদ্র, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তা দিয়ে অপটিমিস্টস্ যে ভালো কাজ করছে, তার কোন তুলনা নেই। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বাবু সুভাষ চক্রবর্তী অপটিমিস্টস-এর সকল শিশু স্পন্সর ও বাংলাদেশে ও আমেরিকায় যারা অপটিমিস্টস-এর জন্য কাজ করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেও অপটিমিস্টস্-কে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন। ড. শাকিলা নাসরিন এমন একটি কল্যাণধর্মী সংগঠন সম্পর্কে জানার সুযোগ দেবার জন্য তিনি আবু হোসেন লিয়াকতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্রেটার জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন জব্বার আটলান্টায় অপটিমিস্টস্-এর কার্যক্রম বৃদ্ধির জন্য আগামীতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। অপর বক্তা কমিউনিটি সংগঠক ও সমাজকর্মী ড. আউয়াল খান অপটিমিস্টস্-এর সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। দিদারুল আলম গাজীসহ অন্যান্য বক্তারগণ অপটিমিস্টস্-এর কাজের প্রশংসা করেন এবং অপটিমিস্টস্-কে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।
সবশেষে অপটিমিস্টস্-এর সদস্য সচিব শামীম আহমদ অনুষ্ঠানে উপস্থিত স্পন্সরদের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং আবু হোসেন লিয়াকতসহ অনুষ্ঠানটি আয়োজনে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।