দরিদ্রদের জন্য ফ্রি রাইড!

ওয়াশিংটন ডিসির দরিদ্র এলাকাগুলোর বাসিন্দাদের জন্য স্বল্প দূরত্বে বিনা মূল্যে ট্যাক্সিসেবা দেওয়ার ঘোষণা করা হয়েছে। ওয়াশিংটন ডিসির কিছু এলাকায় বিনা মূল্যে তিন মাইল দূরত্বের মধ্যে চলাচলের ক্ষেত্রে এ সেবা দেওয়া হবে। আগামী মাসের শেষ থেকে এ সেবা চালু হবে।
সরকারি ভর্তুকিতে শপিংসহ বিভিন্ন দোকানে যাতায়াতে এবং এনকস্টিয়া নদীর দু পারে যাতায়াত করা যাবে বিনা ভাড়ায়। লাইব্রেরি ও সুইমিং পুল ব্যবহারের জন্য সরকারি ভর্তুকির এ সেবা সেপ্টেম্বরের শেষ থেকে চালু হবে।
এ সম্পর্কিত এক বিবৃতিতে মেয়র মিউরিয়েল ই বোভেসার বলেছেন, ‘মধ্যবিত্ত শ্রেণির সব বাসিন্দার জন্য যোগাযোগ সহজ করতে আরও ন্যায্য ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।’ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নেভি ইয়ার্ড, পোটম্যাক অ্যাভিনিউ মেট্রো স্টেশন, লাইব্রেরি, শপিং থেকে শুরু করে কিছু নির্দিষ্ট এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এ সেবা পাওয়া যাবে। এ ক্ষেত্রে ট্যাক্সি ভাড়ার প্রথম ১০ ডলার পরিশোধ করবে নগর কর্তৃপক্ষ। এই অর্থে তিন থেকে চার মাইল দূরত্ব পর্যন্ত যাতায়াত করা যাবে। এ জন্য এরই মধ্যে ৬৫ হাজার ডলার বরাদ্দ করা হয়েছে।
১৫ আগস্ট নতুন এ নীতি ঘোষণার আগ পর্যন্ত ওয়াশিংটন ডিসি শহরের ‘ট্যাক্সি টু রেল’ প্রকল্পটি এনকস্টিয়া ডিস্ট্রিক্ট ও মেরিল্যান্ডের আগের আটটি মেট্রো স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। এখন এর সঙ্গে দুটি নতুন স্টপেজ যুক্ত করা হয়েছে। পুরো ব্যবস্থাটির পরিচালকেরা বলছেন, নতুন নীতির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে, এখন এর সঙ্গে মুদি দোকান ও লাইব্রেরির মতো স্থানগুলোকে সংযুক্ত করা হয়েছে। ফলে সাধারণ কাজেও মানুষেরা এই সেবা গ্রহণ করতে পারবে। এতে কাজে যেমন গতি আসবে, তেমনি নাগরিকদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়বে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের সুবিধাটি গ্রহণ করতে হলে তালিকাভুক্ত স্থানগুলোতে যাতায়াত করতে হবে। বিনা মূল্যে রাইড নিতে Taxi2rail.com, the ezRidr app অথবা ২০২-৭২৭-৩৮২৭ নম্বরে কল দিয়ে ভাড়া করা যাবে।
এ বিষয়ে জেলা প্রশাসনের ভাড়ায় চালিত যানবাহনের পরিচালক ডেভিড ড বলেন, ‘যেসব পাড়ার বাসিন্দাদের গাড়ি নেই, তারা যেন স্বল্প দূরত্বে সহজে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে চেয়েছি আমরা। বিভিন্ন মুদি দোকান ও লাইব্রেরিতে যাতায়াতের ক্ষেত্রে এই সেবার পরিসর বৃদ্ধি করার পেছনে মানুষের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতের লক্ষ্যটি কাজ করেছে।’