দরিদ্রদের জন্য মেট্রো কার্ডের দাম অর্ধেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরে বাস করেন আর মেট্রো কার্ডের সঙ্গে পরিচিত নন—এই নগরে এমন মানুষ পাওয়া দুষ্কর। পৃথিবীর যে কয়টি শহর সাবওয়ে সিস্টেমের জন্য পরিচিত, নিউইয়র্ক তার মধ্যে অন্যতম। তাই এই নগরে যে মেয়রই ক্ষমতায় আসেন না কেন, মেট্রো কার্ডের দাম, সাবওয়ে ব্যবস্থা ইত্যাদি নিয়ে কাজ করেছেন। জনসাধারণের দাবি অনুযায়ী মেট্রো কার্ডের দাম সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করেছেন।

বর্তমান মেয়র বিল ডি ব্লাজিওর অফিস সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে, নিউইয়র্ক শহরের বাসিন্দা, যারা দারিদ্র্যসীমায় বা এর নিচে বসবাস করছেন তাদের জন্য ২০২০ সালের ২৭ জানুয়ারি থেকে ন্যায্য ভাড়া বা ফেয়ার ফেয়ারস নামে নতুন নিয়ম পাস হতে যাচ্ছে। এই নিয়ম পাস হলে দারিদ্র্যসীমা বা এর নিচে বসবাসকারী বাসিন্দারা মেট্রো কার্ডের জন্য মূল দামের অর্ধেক ভাড়া দিতে পারবেন।

মেয়র ডি ব্লাজিও বলেন, ‘নিউইয়র্ক নগর হল এমন একটি নগর যেখানে প্রথমে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করা হয়। নতুন এই নিয়মের আওতায় আমরা নগরের প্রায় এক লাখ বাসিন্দাকে এই সুবিধা দিতে পারব।’
নগরের যে কেউ চাইলেই এই সুবিধা ভোগ করতে পারবে না। চারজনের একটি পরিবারের বার্ষিক আয় ২৭ হাজার ৭৫০ মার্কিন ডলার এবং একজনের ক্ষেত্রে বার্ষিক আয় ১২ হাজার ৪৯০ মার্কিন ডলার হলে তবেই এই সুবিধার জন্য আবেদন করা যাবে। এ ঘোষণা আসার পর অনেকেই সাধুবাদ জানিয়েছেন ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ডি ব্লাজিও মনে করেন, সবার জন্য সমান সুবিধা প্রয়োগ করার লক্ষ্যে নতুন এই নিয়ম নিউইয়র্ক শহরকে আরও একধাপ এগিয়ে নেবে।