দর্শক উপস্থিতিতে উপভোগ্য হয়ে ওঠে পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মন্তর মায়েরা’ নাটকের একটি দৃশ্য , ‘ধাবমান’ নাটকের একটি দৃশ্য
‘মন্তর মায়েরা’ নাটকের একটি দৃশ্য , ‘ধাবমান’ নাটকের একটি দৃশ্য

দক্ষিণ এশীয় দেশগুলো থেকে অভিবাসী হয়ে আসা মানুষদের নিউজার্সি রাজ্য কেন্দ্রিক নাট্যচর্চা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। ৫ ও ৬ আগস্ট সেই রাজ্যের নিউ ব্রানসউইকসের ভিক্টোরিয়া জে. ম্যাস্ট্রোবুনো থিয়েটার হলে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশীয় নাট্যোৎসবের ১২তম আয়োজন। ১২ বছর ধরে দক্ষিণ এশীয় দেশগুলোর থিয়েটার নিয়ে এমন জমকালো উৎসবের আয়োজন চাট্টিখানি কথা নয়! কিন্তু এটা সম্ভব করেছেন এপিক অ্যাক্টরস ওয়ার্কশপের কর্মী ও আয়োজন সহযোগী স্পনসর ও ডোনাররা।
নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের বাইরে নিজেদের পরিবেশন শিল্পকে বাঁচিয়ে রাখা কত কঠিন কাজ, তা যাঁরা বিদেশ বিভুঁইয়ে এ রকম পরিবেশে সংস্কৃতি চর্চার চেষ্টা করেন তাঁরা অনুভব করেন। দুই দিনে সাতটি নাটকের আয়োজন বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। নিউইয়র্ক থেকে দুদিন ধরে গিয়ে উৎসবের তিন ভাষার চারটি নাটক দেখে খুব উৎসাহিত বোধ করেছি। দর্শকদের বিপুল উপস্থিতিও ভালো লেগেছে। কোনো কোনো শোতে বসার জায়গা পাওয়াও কঠিন হয়ে পড়ছিল। বাংলা ইংরেজি ও হিন্দি—এই তিনটি ভাষায় সেখানে নাটক অভিনীত হয়েছে। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি স্মরণিকা। সেখান থেকে জানা গেল, এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে শক্তি সেনগুপ্তের স্মৃতির উদ্দেশে। স্মরণিকায় প্রকাশিত আলোলিকা মুখোপাধ্যায়ের লেখা থেকে জানা গেল, থিয়েটার ও চলচ্চিত্রপ্রেমিক প্রয়াত শক্তি সেনগুপ্ত নিউজার্সিতে বাংলা থিয়েটারের চর্চাকে নিজের মেধা, যোগ্যতা, শ্রম ও আন্তরিকতা দিয়ে সাধারণ শৌখিনতা থেকে উচ্চতর শিল্প-আকাঙ্ক্ষার উত্তীর্ণ করে তুলেছিলেন।
৫ আগস্ট প্রথম দিনে উৎসবের প্রথম নাটকটি ছিল নিউজার্সিতে জন্ম-নেওয়া ও বেড়ে-ওঠা তরুণদের অভিনীত নাটক ‘মুসলিম ইন দ্য মিডস্ট’। এটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন ভারতের ব্যাঙ্গালুরেতে জন্ম নেওয়া আনন্দ রাও। ইংরেজি সাহিত্যে এমএ আনন্দ রাও খণ্ডকালীন পেশাদার একাডেমিক ও ব্যবস্থাপনা কনসালট্যান্ট। উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, নাইন ইলেভেনের ঘটনার পটভূমিতে রচিত নিউজার্সির তরুণদের অভিনীত নাটকটি দর্শকদের প্রীতি লাভ করেছে।
পরের নাটকটি ছিল ইংরেজি ভাষায় রচিত নিউইয়র্কভিত্তিক হিপোক্রিট থিয়েটার কোম্পানির প্রযোজনা ‘দি মিউজিক ইন মাই ব্লাড’। নাটকটি রচনা করেছেন শুভ্রা প্রকাশ ও সোনালি হার্দিকার। ভারতীয় উচ্চাঙ্গ সংগীতে আত্মনিবেদিত ব্যক্তির আবেগ অনুভূতি নিয়ে রচিত নাটকটি ছিল সত্যিকারের উপভোগ্য। একবার সংগীত কারও রক্তে প্রবেশ করলে সে আর তা থেকে বেরিয়ে যেতে পারে না—এই ছিল নাটকের মূল বিষয়বস্তু। হিপোক্রিট থিয়েটার নিউইয়র্ক ভিত্তিক থিয়েটার
কোম্পানি যারা সাংগীতিক ঐতিহ্যেও মাহাত্ম্যকে আধুনিক প্রজন্মের কাছে তুলে ধরতে চায়। সাংগীতিকতা ও প্রযোজনার পেশাদারিতে নাটকটি ছিল খুবই উজ্জ্বল!
পরের প্রযোজনা ছিল বিশ্বখ্যাত রুশ নাট্যকার আন্তন চেখভের আটটি ছোটগল্পের কৌতুকময় নাট্যরূপ ‘চাকদে চেখভ’। ইস্ট ব্রান্সউইকের আইসিএস থিয়েটারের এসব নাট্য প্রযোজনার নির্দেশক ছিলেন বম্বের নাট্যজগতের বিখ্যাত ব্যক্তিত্ব মহেশ দাত্তানী। চেখভের ছোটগল্পের নাট্যরূপও দিয়েছেন তিনিই। নাটিকাগুলো হলো: ‘মজাক হি তো হ্যায়!’, ‘ছি’, ‘দায়াঁ কাহিঁকা!’, ‘হায় হায় ইয়ে মাজবুরি!’, ‘জি মোতাবেঁ!’, ‘মেহেঙ্গি মার গায়ি!’, ‘হ্যা চ্ছো!’, ‘দেখো দেখো ফিল্ম স্টার!’। গল্পের শাসটুকুকে থিয়েটার সংরূপে প্রকাশ করতে গিয়ে নিউজার্সির শৌখিন অভিনেতাদের যে পেশাদারি মানে তুলে নিয়েছেন মহেশ দাত্তানী তা দীর্ঘকাল মনে রাখার মতো। থিয়েটার কর্ম কতটা তাঁর পায়ের ভৃত্য তা বুঝিয়ে দিয়েছেন এই আটটি ছোট ছোট নাটিকা দিয়ে। অভিনেতাদের অনেককে তো মনে হয়েছে রীতিমতো জাঁদরেল শিল্পী।
পরের নাটকটি ছিল কলম্বাস ওহাইওর স্পটলাইট থিয়েটারের প্রযোজনা বাংলা নাটক উষা গাঙ্গুলি রচিত ও নির্দেশিত ‘মান্টোর মেয়েরা’। উর্দু ভাষার বিখ্যাত গল্পকার সাদাত হাসান মান্টোর কয়েকটি বিখ্যাত গল্পের নারী চরিত্র নিয়ে উষা গাঙ্গুলির নাট্যরূপের এই প্রযোজনাটিও ছিল পেশাদারিতে উজ্জ্বল! থিয়েটারে উষা গাঙ্গুলির ব্যক্তিত্বের ছাপ এই প্রযোজনাতেও ছিল স্পষ্ট! ওহাইওতে এত কমসংখ্যক বাঙালি থাকেন যে সেখানে বাংলা নাটকের এই মানের চর্চাকে তো বিস্ময়করই মনে হয়েছে!
পরের দিন ৬ আগস্টও দিন শুরুর নাটক ছিল নিউজার্সির ইসিটিএ দলের প্রযোজনা সুদীপ ভৌমিক রচিত ও নির্দেশিত ‘কিউরিয়াস কেস অব এ ক্যাজুয়াল টেররিস্ট’। সুদীপ্ত ভৌমিক পশ্চিমবঙ্গের গ্রুপ থিয়েটার অঙ্গনে শম্ভু মিত্র-তৃপ্তি মিত্র-শাঁওলী মিত্রদের সঙ্গে থিয়েটার করার অভিজ্ঞতায় ঋদ্ধ একজন নাট্যব্যক্তিত্ব। বেশ কয়েকটি ইংরেজি ও বাংলা নাটক রচনা করেছেন তিনি। বাংলাদেশেও তাঁর নাটক মঞ্চস্থ হয়েছে। নাট্যকার হিসেবে তিনি ডায়াস্পোরিক দৃষ্টিভঙ্গির লেখক। মিরা নায়ারের চলচ্চিত্র ‘দি নেমসেক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন। নিউজার্সির থিয়েটার অঙ্গনে তাঁর অবদানের গভীরতার পরিচয় এই নাটকেও বর্তমান। দক্ষিণ এশীয় সাংস্কৃতিক প্রবাহ যে নিউজার্সিতেও গভীর হয়ে উঠছে এই প্রযোজনাটি তারই পরিচায়ক।
পরের নাটকটি ছিল বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার সেলিম আল দীনের বাংলা নাটক ‘ধাবমান’-এর উপস্থাপনা। নিউজার্সির নাট্যদল এপিক থিয়েটার ও আস্থা যৌথভাবে এটি প্রযোজনা করেছেন। গোলাম সারোয়ার হারুন নাটকটির নির্দেশক। তিনিও বেশ কয়েক বছর ধরে নিউইয়র্ক ও নিউজার্সিতে নাট্যচর্চা করে পরিচিতি লাভ করেছেন। তিনি একজন সংগীতশিল্পী হিসেবেও পরিচিত। মার্কিন দেশে এর অগেও সেলিম আল দীনের নাটক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের বিখ্যাত নাট্যদল ঢাকা থিয়েটার যে রীতিতে বহু পাত্রপাত্রীর অংশগ্রহণে সেলিম আল দীনের নাটক প্রযোজনা করে থাকেন গোলাম সারোয়ার হারুণও সেই রীতিতেই তাঁর নাটকটির নির্দেশনা দিয়েছেন। হলভর্তি দর্শক বারবার হাততালি দিয়ে এর প্রতি তাঁদের সমর্থন জানাচ্ছিলেন।
অভিষেক মজুমদার রচিত নিউজার্সির নাট্যদল এপিক অ্যাক্টরস-এর প্রযোজনা ‘দি জিনস অব ঈদগাহ’ ছিল উৎসবের শেষ পরিবেশনা। এর নির্দেশক হাফিজ কারমালি। কাশ্মীর সংকট নিয়ে রচিত এ নাটকটি লন্ডনের রয়েল কোর্ট থিয়েটারেও পরিবেশিত হয়েছিল। নাট্য পরিচালনায় কার্নেগি-মেলন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর হাফিজ কারমালির অভিজ্ঞতা রয়েছে আমেরিকার মূলধারার রিপার্টেরি থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা। তিনি নিজে নাট্যকার ও অনুবাদক। নাটকটির কাহিনি গড়ে উঠেছে কাশ্মীরের ধর্মীয় চরমপন্থা নিয়ে।
প্রবাসজীবনের কর্মব্যস্ততার মধ্যেও নাটক করার মধ্য দিয়ে দক্ষিণ এশীয় অধিবাসীরা এমন চিহ্ন রাখলেন যে, বহু সংস্কৃতির সহ অবস্থানে আমেরিকার সাংস্কৃতিক ভুবন হয়
তো অদূর ভবিষ্যতে এক অখণ্ড-বৈশ্বিক রূপ লাভ করবে!