দল বদলের পথে হাঁটছেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজার্সির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রু
নিউজার্সির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের তীব্র বিরোধিতা করেছেন নিউজার্সি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রু। এই প্রেক্ষাপটে তিনি দলত্যাগ করে রিপাবলিকান পার্টিতে যোগ দেবেন বলেই মনে করা হচ্ছে।
দল বদলের এ গুঞ্জন নিয়ে ভ্যান ড্রু তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিউজার্সির রাজনীতিতে ভোটের লড়াইয়ের সময় দল পরিবর্তনের কথা তিনি বিবেচনা করছেন। অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, তিনি স্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বড় রকমের সমর্থন হারাচ্ছেন।
১৪ ডিসেম্বর নিউজার্সির গভর্নর ফিল মারফি এই দল পরিবর্তনের বিষয়ে বলেন, ‘ভ্যান ড্রু ডোনাল্ড ট্রাম্পকে কেবল নিজের নির্বাচনী তরীর জন্য ব্যবহার করছেন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে তিনি আমাদের মূল্যবোধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর পক্ষে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের সহযোগিতা ধরে রাখা অসম্ভব হয়ে গেছে। আমি আত্মবিশ্বাসী যে, ডেমোক্রেটিক পার্টির মান ও মর্যাদায় অগ্রাধিকার দেন—এমন ব্যক্তিই আসনটি ধরে রাখবেন।’
এদিকে নিউজার্সি ও ক্যাপিটল হিলের অন্যান্য ডেমোক্র্যাটরা ভ্যান ড্রুকে পার্টিতে থাকতে অনুরোধ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন তদন্ত শুরুর বিরুদ্ধে গত অক্টোবরে অনুষ্ঠিত ভোটে যে দুজন ডেমোক্র্যাট দলীয় অবস্থানের বাইরে ভোট দিয়েছিলেন, তাঁদের একজন এই জেফ ভ্যান ড্রু। এ মাসের গোড়ার দিকে তিনি ঘোষণা করেছিলেন, তিনি প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবেন।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ভ্যান ড্রু রিপাবলিকান পার্টিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে তিনি দ্রুতই ঘোষণা দেবেন বলে জানায় নিউইয়র্ক টাইমসও। তবে জেফ ভ্যান ড্রু এখনো স্পষ্ট করে কিছু বলেননি। শুরুতে দল বদলের বিষয়টি উড়িয়ে দিলেও তাঁর সাম্প্রতিক বক্তব্য ভিন্ন কথা বলে।
এদিকে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান কেভিন ম্যাকার্থি রিপাবলিকান পার্টিতে ভ্যান ড্রুকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জেফ ভ্যান ড্রুকে বলতে চাই, আমরা তাঁকে সমর্থন করব ও স্বাগত জানাব।’