দলীয় প্রার্থিতা নিশ্চিত হলো ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়।
রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রেসিডেন্ট প্রার্থী হতে দলীয় ১ হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়। ট্রাম্প ১ হাজার ২৩৮ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্পকে ১৬ জন প্রতিদ্বন্দ্বীকে হারাতে হয়েছে।
ট্রাম্প প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের সমর্থন পেলেও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় দলীয় কনভেনশন থেকে। ক্লিভল্যান্ডে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বা বার্নি স্যান্ডার্স। তাঁরা কেউ এখনো প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন নিশ্চিত করতে পারেননি।