দলীয় বিতর্কে সাঁড়াশি আক্রমণের মুখে ট্রাম্প

মঙ্গলবার, ১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই পর্বের ‘সুপার ট্যুইসডে’। ওই দিন একসঙ্গে ১২টি অঙ্গরাজ্যে রিপাবলিকান সমর্থকেরা তাঁদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দেবেন। তার চার দিন আগে, গত বৃহস্পতিবার দলের এখনো প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা পাঁচ প্রার্থী টেক্সাসের হিউস্টনে এক উত্তপ্ত বিতর্কে অংশ নিলেন।
প্রায় তিন ঘণ্টা স্থায়ী বিতর্কের প্রথম মুহূর্ত থেকেই সবার আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন দলের শীর্ষ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই সাঁড়াশি আক্রমণে নেতৃত্ব দেন তাঁর দুই নিকট প্রতিদ্বন্দ্বী—সিনেটর টেড ক্রুজ ও সিনেটর মার্কো রুবিও।
অভিবাসন, স্বাস্থ্যবিমা, বৈদেশিক নীতি ও অর্থনীতির প্রতিটি প্রশ্নে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে ট্রাম্পকে ব্যতিব্যস্ত করে তোলেন দুই সিনেটর। রুবিও মনে করিয়ে দেন, অবৈধ অভিবাসনের ব্যাপারে কড়া কথা বললেও ট্রাম্প নিজের ব্যবসায়ে বিস্তর অবৈধ অভিবাসীকে চাকরি দিয়েছেন। ‘আপনি যেভাবে ট্রাম্প টাওয়ার বানিয়েছেন, সেভাবে মেক্সিকোর সঙ্গে দেয়াল বানাতে গেলে নির্ঘাত অবৈধ শ্রমিক নিয়োগ করবেন’, বিদ্রূপের সুরে বলেন রুবিও।
রুবিওর আক্রমণের মুখে ট্রাম্প মনে রাখার মতো একমাত্র যে কথাটি বলেন তা হলো, রুবিও বা ক্রুজ কেউই জীবনে কাউকে চাকরি দেননি, অন্যদিকে তিনি হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণে যোগ দিয়ে ক্রুজ মনে করিয়ে দেন, অবৈধ শ্রমিক ব্যবহারের জন্য আদালত ট্রাম্পকে ১০ লাখ ডলার জরিমানা করেছেন। তিনি অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে কঠোর আক্রমণ করেন বিভিন্ন উদারনৈতিক ইস্যুকে সমর্থন জানানো ও ডেমোক্রেটিক রাজনীতিকদের সময় সময় মোটা চাঁদা দেওয়ার জন্য।
ট্রাম্পের বার্ষিক কর প্রদানের হিসাব অবিলম্বে প্রকাশ করার যে দাবি প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি করেছেন, ক্রুজ ও রুবিও উভয়ই তার পুনরুক্তি করেন।
বৈদেশিক নীতি প্রশ্নেও আক্রান্ত হন ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিবাদে নিরপেক্ষ থাকবেন—এমন মন্তব্য করেছিলেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রনীতির এক অলঙ্ঘনীয় নীতি হলো ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন। ক্রুজ ও রুবিও সে নীতি থেকে সরে আসার জন্য ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। রুবিও ঠাট্টা করে বলেন, ফিলিস্তিন প্রশ্ন জমিজমার কোনো ব্যবসা নয় যে নিরপেক্ষ থেকে তার সমাধান করা যাবে।
অধিকাংশ পর্যবেক্ষকই একমত, বৃহস্পতিবারের বিতর্কে রুবিও ও ক্রুজ ট্রাম্পের ওপর একহাত দেখে নিয়েছেন। বাকি দুই প্রার্থী জন কেইসিক ও বেন কারসন, নানা চেষ্টা সত্ত্বেও এই তিনজনের ‘উচ্চ তাপমাত্রার’ কথা-কাটাকাটিতে প্রবেশের চেষ্টায় খুব একটা সুবিধা করতে পারেননি।