দলে উৎকণ্ঠা থাকলেও চাপমুক্ত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো ৯৫ দিন বাকি। কিন্তু তার আগেই রিপাবলিকান পার্টিতে গুঞ্জন উঠেছে, ট্রাম্পের কারণে তারা শুধু হোয়াইট হাউস নয়, সিনেটেও রিপাবলিকান নিয়ন্ত্রণ হারাতে বসেছে। আর এ অবস্থায় ট্রাম্পের বিকল্প প্রার্থী খোঁজার সংবাদও এসেছে গণমাধ্যমে।
দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা রিপাবলিকান প্রার্থীকে নিয়ে এমন উদ্বেগ দেখালেও খোদ ট্রাম্প কিন্তু একেবারে নিরুদ্বিগ্ন। তাঁর মতে, আগের যেকোনো সময়ের চেয়ে এবারের নির্বাচনী প্রচারণা অনেক ভালো।
তবে ট্রাম্প যতই নিরুদ্বিগ্ন থাকুন, বিভিন্ন জরিপ কিন্তু ভিন্ন কথা বলছে। জনমত জরিপে হিলারির সঙ্গে তাঁর দূরত্বও ক্রমশ বাড়ছে। ফক্স টিভির সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ১০ পয়েন্টে এগিয়ে। রিপাবলিকান নেতারা মনে করছেন, ট্রাম্পের জনসমর্থনে ধসের কারণ ট্রাম্পের বেসামাল কথাবার্তা। একাধিক রিপাবলিকান নেতা ইতিমধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাহার করে হিলারিকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন।
গত তিন দিন গেছে ইরাকে নিহত পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সেনা হুমায়ুন খানের পরিবারের সঙ্গে তর্ক-বিতর্কে। সেই বাদানুবাদ শেষ না হতেই ট্রাম্প নতুন বিপত্তি ঘটিয়েছেন ওয়াশিংটন পোস্ট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে। যেখানে তিনি ঘোষণা করেছেন, রিপাবলিকান স্পিকার পল রায়ানকে পুনর্নির্বাচনে সমর্থন করতে প্রস্তুত নন তিনি। তিনি একই কথা বলেছেন সিনেটে দলের বর্ষীয়ান সদস্য জন ম্যাককেইন সম্পর্কেও। কিন্তু ট্রাম্পের রানিংমেট মাইক পেন্স জানিয়েছেন, তিনি এই দুই নেতার পুনর্নির্বাচনে পূর্ণ সমর্থন দেবেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে এই প্রকাশ্য মতভেদে অনেকেই বলছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ভেঙে পড়ার মুখে।
দলের চেয়ারম্যান রিন্স প্রিবিসের কথা উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের পক্ষে ওকালতি করার নতুন কোনো যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক সাবেক স্পিকার গিনগ্রিচ পর্যন্ত বিরক্ত হয়ে বলেছেন, তিনি যে হিলারির চেয়েও কম গ্রহণযোগ্য, ট্রাম্প নিজেই সে কথা প্রমাণে উঠেপড়ে লেগেছেন। জানা গেছে, গিনগ্রিচ ও নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ট্রাম্পকে সামাল দিতে তাঁর সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
ট্রাম্পকে বাদ দিয়ে অন্য কাউকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব কি না, সে সম্ভাবনাও দলের কোনো কোনো নেতা খতিয়ে দেখার কথা ভাবছেন বলে জানা গেছে। ওয়েব পত্রিকা ডেইলিবিস্ট ও সিএনএন একাধিক রিপাবলিকান সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দলের গঠনতন্ত্রে ট্রাম্পকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে। জরুরি ভিত্তিতে দলের সম্মেলন নতুন করে ডাকা যেতে পারে। অথবা দলের নীতিনির্ধারক কমিটির ১৬৮ জন সদস্য যৌথভাবে ট্রাম্পের বদলে অন্য কাউকে মনোনয়ন দিতে পারেন। কিন্তু তেমন কিছু করতে হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।
অধিকাংশ নিরপেক্ষ বিশ্লেষক মনে করেন, ট্রাম্প নিজে থেকে সরে যাবেন, বা তাঁকে ‘প্রাসাদ ষড়যন্ত্রের’ মাধ্যমে সরানোর সম্ভাবনা কার্যত শূন্য। তবে এটি স্পষ্ট, দলের নেতারা তাঁদের প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিয়ে বিচলিত আছেন।
ট্রাম্প নিজে অবশ্য এ নিয়ে আদৌ বিচলিত নন। গত বুধবার ফ্লোরিডায় এক নির্বাচনী সভায় তিনি ঘোষণা করেন, জনমতে তিনি এগিয়ে আছেন এবং রিপাবলিকান দল ‘আগের যেকোনো সময়ের চেয়ে অধিক ঐক্যবদ্ধ।’ তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, যথেষ্ট ভালো চলছে প্রচারণা।’
ট্রাম্পের নির্বাচনী প্রচারণার চেয়ারম্যান পল ম্যানাফোর্ট রিপাবলিকান শিবিরে অনৈক্যের কথাকে প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এ সপ্তাহে ট্রাম্প যে সমাবেশে গেছেন, সেখানে ভিড় উপচে পড়েছে।