দাতব্য সংস্থা বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিতর্কিত দাতব্য সংস্থা ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ‘সামান্যতম স্বার্থের সংঘাতও’ যাতে তাঁকে স্পর্শ না করে, সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প।

ট্রাম্প ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ওই কার্যালয় বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংস্থাটি বন্ধ করা যাবে না। তবে ট্রাম্প বরাবরই অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।

যুক্তরাষ্ট্র সময় শনিবার দেওয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই ফাউন্ডেশন অনেক বড় বড় সেবামূলক কাজ করেছে। অসংখ্য উপযুক্ত সংগঠনকে লাখ লাখ ডলার দান করেছে; এই সুবিধাভোগীদের মধ্যে যুদ্ধফেরত সেনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাঁদের সন্তানেরাও রয়েছেন। তারপরও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় যাতে স্বার্থের সংঘাত হয়েছে বলে মনে না হয়, সে জন্য আমি আমার সেবামূলক কাজ বিকল্প উপায়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান সিএনএনকে গত সেপ্টেম্বর মাসে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর কার্যালয় ট্রাম্প ফাউন্ডেশন দাতব্য সংস্থার আইন মেনে কাজ করছে কি না, তা তদন্ত করে দেখছে। তখন স্নাইডারম্যান বলেছিলেন, ট্রাম্প ফাউন্ডেশন হয়তো কিছু অনুচিত বিষয়ে জড়িত ছিল—এমন একটা আশঙ্কা আছে।

২০১৩ সালে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে সমর্থন করছিল এমন একটি গোষ্ঠীকে ২৫ হাজার ডলার চাঁদা দিয়েছিল ট্রাম্প ফাউন্ডেশন। এই চাঁদা এমন সময় দেওয়া হয়, যখন বন্ডির কার্যালয় ট্রাম্প ইউনিভার্সিটির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ তদন্ত করা হবে কি না সে বিষয়ে বিবেচনা করছিল। পরে আর সে তদন্ত হয়নি। এই চাঁদা দেওয়ার সঙ্গে তদন্ত না করার কোনো যোগসূত্র আছে কি না নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এখন সেটিই খতিয়ে দেখছে। বন্ডির দাবি, চাঁদা দেওয়ার সঙ্গে তদন্ত না করার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

শনিবার অ্যাটর্নি জেনারেল স্নাইডারের মুখপাত্র অ্যামি স্পিটালনিক বলেছেন, তদন্ত এখনো চলছে। তা শেষ না হওয়া পর্যন্ত আইনগত দিক থেকে ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করা যাবে না।