দানের জন্য চুল রাখেন যে মা ও তাঁর সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের সঙ্গে ক্যানিস্টো
সন্তানদের সঙ্গে ক্যানিস্টো

চিকিৎসা-সংক্রান্ত কারণে যেসব শিশুর চুল পড়ে যায়, তাদের দান করার জন্য লম্বা চুল রাখেন ফোয়েব ক্যানিস্টো ও তাঁর ছয় ছেলে। সম্প্রতি তাঁরা সম্মিলিতভাবে ১৭ ফুট চুল দান করেছেন দাতব্য সংস্থা চিলড্রেন উইথ হেয়ার লস (সিডব্লিউএইচএল) নামের একটি প্রতিষ্ঠানে। ক্যানিস্টোর ও তাঁর ছেলেদের জন্য চুল দানের এ ঘটনা প্রথম নয়। শেষও নয়। তাঁরা আবারও প্রস্তুত হচ্ছেন। এবার তাঁদের সঙ্গে যোগ হচ্ছে ক্যানিস্টোর ছোট্ট মেয়েও।
নিউইয়র্কের বাফেলোর অধিবাসী ক্যানিস্টোর বড় ছেলে আন্দ্রের বয়স ১০ বছর। এরপরই রয়েছে ৮ বছর বয়সী যমজ ছেলে সাইলাস ও এমারসন। আর রয়েছে ৫ বছর বয়সী তিন ছেলে হারবি, রিড ও ডেক্সটার। এই ছয় ছেলে ও ক্যানিস্টো ২৪ জুলাই সেলুনে গিয়ে তাদের লম্বা চুল দান করে এসেছে। তাদের দানকৃত চুলের দৈর্ঘ্য ১৭ ফুট। এরই মধ্যে মা ও ভাইদের কেশদানে উজ্জীবিত হয়েছে ক্যানিস্টোর ২ বছর বয়সী মেয়ে মারাহ টেইলর।
এ বিষয়ে ক্যানিস্টো হাফিংটন পোস্টকে বলেন, ‘তিন বছর আগে আমার বন্ধুর সন্তান ক্যানসারে মারা যায়। আমার যমজ ছেলেদের বয়সীই ছিল সে। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমার বড় তিন ছেলে তাদের চুল দান করে।’ তিনি বলেন, ‘ক্যানসার আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। সবখানেই এর আগ্রাসন। আমার সন্তানেরা ক্যানসার ও এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে চায়।’
ক্যানিস্টো অবশ্য তাঁর কৈশোর থেকেই চুল দান করে আসছেন। সর্বশেষ ২০১৪ সালে তিনি চুল দান করেছেন। আর তাঁর পথ অনুসরণ করে বড় তিন ছেলে প্রথম চুল দান করে ২০১৫ সালে। সে সময় তাঁর যমজ তিন ছেলেও আগ্রহী হয়। ফলে সবার চুল ন্যূনতম বড় হওয়া পর্যন্ত ক্যানিস্টোকে অপেক্ষা করতে হয়। অবশেষে ২৪ জুলাই হিজাইর হেয়ার সেলুনে গিয়ে পরিবারের সাত সদস্যই চুল দান করে আসেন। ওই সেলুনও এমন মহৎ কাজে অংশ নিতে চেয়েছে। আর তাই ক্যানিস্টো ও তাঁর ছয় ছেলের চুল তারা কেটে দিয়েছে বিনা পয়সাতেই। আর এ পুরো সময় সেলুনের চেয়ারে চুপ করে বসে ছিল ক্যানিস্টোর ছোট মেয়ে টেইলর।
হাফিংটন পোস্টকে ক্যানিস্টো বলেন, ‘টেইলরের চুল যথেষ্ট বড় হয়নি। তবে সে খুব আগ্রহী। আমাদের সঙ্গে পরেরবার সে-ও নিশ্চয় যোগ দেবে।’ তিনি জানান, তাঁর ছেলেদের লম্বা চুল রাখাটা সহজ ছিল না। অনেকেই এটাকে সহজভাবে নেয়নি। ছেলেদের হেনস্তাও হতে হয়েছে। এ চুলের সঙ্গে অনেক অশ্রুও মিশে আছে। উদ্দেশ্য সম্পর্কে বললেও অনেকেই এটা বুঝতে পারেনি। কিন্তু তারা ছিল নিবেদিতপ্রাণ। ক্যানিস্টো বলেন, ‘আমার সন্তানেরা অন্য শিশুদের সাহায্য করতে চায়, এতেই আমি খুশি।’