দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগ ব্লাজিওর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও

দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের অভিযোগ উঠেছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিওর বিরুদ্ধে। শুধু মেয়রই নন, একই অভিযোগ উঠেছে তাঁর চার সহকর্মীর বিরুদ্ধেও। শহর কর্তৃপক্ষের নিজস্ব নথির বরাত দিয়ে সিবিএস-২ নিউজকে এ তথ্য জানিয়েছে দুটি সূত্র।
সূত্র দুটির বরাত দিয়ে সিবিএস-২ জানায়, গত বছর মেয়রের নির্বাচনী তহবিল সংগ্রহের বিষয়ে তদন্তের সময় মেয়র ও তাঁর চার সহকর্মীর ব্যক্তিগত ই-মেইল থেকে দাপ্তরিক কাজ সম্পন্নের বিষয়টি তদন্তকারী সংস্থার সামনে আসে।
নির্বাচনী প্রচারণা তহবিল নিয়ে তদন্তে কিছু অসামঞ্জস্য খুঁজে পেলেও মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করেনি মার্কিন অ্যাটর্নি অফিস। তবে এ বিষয়ে তদন্তকারী সংস্থা মেয়রকে তিরস্কার করেছে। তারা জানিয়েছে, ‘যে প্রক্রিয়ায় মেয়র তাঁর তহবিল সংগ্রহ করেছেন, তা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ এ সময়েই নগর কর্তৃপক্ষের দাপ্তরিক কাজে মেয়রের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি সামনে আসে।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, দাপ্তরিক কাজে মেয়র এ পর্যন্ত ১ হাজার ৮৫০ বার নিজের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। এ বিষয়ে মেয়র কার্যালয়ের মুখপাত্র এরিক ফিলিপস সিবিএস-২কে বলেন, ‘ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের বিষয়টি আমরা নিরুৎসাহিত করি। আমরা এরই মধ্যে এ ধরনের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি।’